Home আঞ্চলিক হুমকির মুখে লাল কাঁকড়ার আবাস চর বিজয়

হুমকির মুখে লাল কাঁকড়ার আবাস চর বিজয়

64

খুলনাঞ্চল রিপোর্ট।।

সমুদ্রের বুকে মাত্র চার মাস ভেসে থাকে কুয়াকাটার গভীর সমুদ্রে জেগে ওঠা দ্বীপ চর বিজয়। এই শীত মৌসুমে দ্বীপটি লাল কাঁকড়া ও অতিথি পাখিদের আবাসস্থলে পরিণত হয়। সাগরের নীল জলের বুক চিরে যতোই দ্বীপের কাছাকাছি এগোনো হয় দূর থেকে দেখা ধূসর বালুর রং পাল্টে তা রূপ নেয় লাল-সাদায়। মাথার উপর উড়তে থাকে ঝাঁকে ঝাঁকে পাখি।

আর দ্বীপে পা রাখতেই লাল কাঁকড়ার দল ছুটে চলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দেখলে মনে হবে গোটা সৈকতই যেন লাল কার্পেট বিছানো। কখনোবা কাঁকড়ার দল সাগরের জলে ডুব দিয়ে নিজের আশ্রয় খুঁজে নেয়।

এমন সৌন্দর্যই চোখে পড়ে পটুয়াখালীর কুয়াকাটার গভীর সমুদ্রে জেরে ওঠা নতুন দ্বীপ চর বিজয়ে ভ্রমণে গেলে।

কিন্তু প্রাণী বৈচিত্র্যের ভাণ্ডার চর বিজয়ে এখন শিকারিদের ফাঁদে পড়ে যেমন মারা যাচ্ছে অতিথি পাখি, তেমনি পর্যটকদের বিচরণে নষ্ট হচ্ছে লাল কাঁকড়ার আবাসস্থল। পরিবেশবিদরা বলছেন, প্রকৃতি ও মৎস্যসম্পদ রক্ষায় এ দ্বীপে প্রশাসনিক টহল ও বনায়ন করার উদ্যোগ নেয়া উচিত। আর টুরিস্ট পুলিশ বলছে, যেহেতু গভীর সমুদ্রে দ্বীপটি অবস্থিত, তাই পর্যটকদের সেখানে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

কুয়াকাটা সৈকত থেকে চর বিজয়ের অবস্থান সমুদ্রের পূর্ব-দক্ষিণে। সৈকত থেকে পানিপথে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। গাছপালা, জন্তু, প্রাণী ও মানব বসতিহীন চর থেকে দেখা মেলে আকাশের রক্তিম আভার রূপের।

আর দুপুরে সূর্য যখন থাকে মাথার উপরে তখন গোটা দ্বীপটি রূপালী রং ধারণ করে। সাগরের বুকে ভেসে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে ২০১৭ সালে। বর্ষায় গোটা দ্বীপটি চার থেকে সাত ফুট পানিতে তলিয়ে থাকে। আর এই শীত মৌসুমে সমুদ্রের উপরিভাগে মাত্র চার মাসই ভেসে থাকে চর বিজয়। এ কারণে এ মৌসুমে দ্বীপে বাড়ে পর্যটকদের পদচারনা। সেই সাথে তৎপর হয় মৎস্য ও পাখি শিকারিরা। এতে নষ্ট হচ্ছে প্রাণী বৈচিত্র্যের নতুন এ আবাসস্থলটি।

স্থানীয় জেলেদের কাছে দ্বীপটি হাইয়ের চর নামে পরিচিত হলেও পর্যটকদের কাছে দ্বীপটি চর বিজয় নামে পরিচিত। অনেকটা চন্দ্রাকৃতির দ্বীপটি জলবায়ু পরিবর্তনের কারণে চারদিক ক্রমশ বালুর স্তর জমা হয়ে দ্বীপের পরিধি ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এখনো সঠিক আয়তন জানা যায়নি।

তবে দ্বীপের বালুকাবেলায় লাল কাঁকড়া, অতিথি পাখি ও সাগরের নীল জলে মাছের ছুটে চলা অবলোকন করা যায় দ্বীপে পা ফেলেই। এছাড়া সমুদ্রপথে দেখা যায় জেলেজীবনের বাস্তবতা।

এ দ্বীপে ভ্রমণে আসা পর্যটকরা বলেন, পাখি ও কাঁকড়াদের স্বর্গরাজ্য এ দ্বীপটি। সাগরের নীল জলে যেমন মাছ ও হাঙ্গর এবং ডলফিনের ছুটে চলা দেখা যায়, তেমনি বালুর দ্বীপের প্রতি ইঞ্চিতে রয়েছে লাল কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির কাঁকড়াদের আবাসস্থল।

কখনও কচ্ছপরা দল বেঁধে দ্বীপে উঠে আসে ডিম দিতে। দ্বীপটি ঘুরে বেড়ানোর সময় মাথার উপর উড়তে থাকে নানা জাতের অতিথি পাখির ঝাঁক। যেন রৌদ্রময় দ্বীপে পর্যটকদের ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে তারা।

কিন্তু প্রাণী বৈচিত্র্যের আবাসস্থলটিতে ছড়ানো-ছিটানো জাল, পাখির পালক দেখলে সহজেই বোঝা যায় এখানে তৎপর শিকারি চক্র। সামুদ্রিক প্রাণীদের আবাস ভূমিতে অবাধে মানুষের বিচরণ বাড়তে থাকলে এ চর বিজয় থেকেও হারিয়ে যাবে অতিথি পাখি ও লাল কাঁকড়ারা। যেমন হারিয়ে গেছে কলাপাড়ার গঙ্গামতি সৈকতে।

চর বিজয়ে জেলেরা অবাধে যাতায়াত করলেও তারা পাখি শিকারের কথা অস্বীকার করছেন। গোটা দ্বীপটিতে গাছের গোড়া পুঁতে জাল দিয়ে ঘিরে দেয়া হলেও জেলেরা বলছেন, তারা শুধু মাছ শিকারের জন্য এখানে আসেন সপ্তাহে দুই-চারদিন। আর গোড়া পুঁতে রাখে একটি প্রভাবশালী চক্র যারা অন্য এলাকার জেলে।

এখানে প্রশাসনের তেমন টহল না থাকায় নির্বিঘ্নেই শিকারিচক্র মাছ ও পাখি শিকার করে ফিরে যাচ্ছে। এছাড়া এই দ্বীপে বিশুদ্ধ পানির কোন উৎস নেই। এ কারণে বালুর মধ্যে গর্ত খুঁড়ে জেলেরা মাসের পর মাস খাবার পানির চাহিদা পূরণ করছেন।

কুয়াকাটা টুরিস্ট বোট মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক কে এম বাচ্চু বলছেন, কুয়াকাটার অন্য পর্যটন স্পটগুলোতে পর্যটকদের প্রচুর ভিড় থাকলেও চর বিজয়ে খুব কম পর্যটক ভ্রমণে যান। তার কারণ এর আশেপাশে সামুদ্রিক গভীরতা ও দূরত্ব। তবে চর বিজয়ে প্রাণী বৈচিত্র্য রক্ষায় তারা বেশ সজাগ রয়েছেন।

আর টুরিস্ট পুলিশ বলছে, চর বিজয় দ্বীপটি গভীর সমুদ্রে। তাই ওই দ্বীপে পর্যটকদের ভ্রমণে তারা নিরুৎসাহিত করছেন এবং যানবাহন চলাচলেও সতর্ক করা হচ্ছে প্রতিনিয়ত।

২০১৭ সালে চর বিজয় দ্বীপটি প্রথম আবিষ্কারের পর জেলা প্রশাসনের একটি দল চর বিজয় সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি একটি সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

চরের বালুতে রোপণ করা হয় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ। কিন্তু গত দুই বছর প্রশাসনের তদারকি না থাকায় এখন আর নেই সেই রোপণ করা গাছ কিংবা সাইনবোর্ড। যদিও গোটা চরে নতুন করে বিভিন্ন প্রজাতির গাছ বেড়ে উঠছে। জন্ম নিয়েছে ঘাস। সাদা ঝিনুক স্তরে স্তরে বালুতে ঢাকা পড়ছে প্রতিনিয়ত। কারণ চরের পরিধি ক্রমশ বাড়ছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, চর বিজয়ে ১৭০ হেক্টর জায়গায় বনাঞ্চল করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বছর ৫০ হেক্টর জমিতে ম্যানগ্রোভসহ বিভিন্ন প্রজাতির লবণ সহিষ্ণু গাছ রোপণ করবেন তারা।

আর গবেষকরা বলছেন, চর বিজয়ে ১২০ প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে। এছাড়া এখানকার মূল আকর্ষণ লাল কাঁকড়া ও অতিথি পাখি। কিন্তু যেভাবে নেটজালসহ গড়া ব্যবহার করে জাল ফেলা হচ্ছে এতে মাছের বিচরণ ক্ষেত্র নষ্ট হওয়ার পাশাপাশি মারা যাচ্ছে অতিথি পাখি ও লাল কাঁকড়া। তাই পাখি ও মৎস্যসম্পদের এ দ্বীপটি শৃঙ্খলার মধ্যে না আনা হলে ধ্বংস হয়ে যাবে প্রাণ ও প্রকৃতি।

প্রকৃতিকে নীরবে উপভোগ করতে হয়। কিন্তু চর বিজয়ে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ভ্রমণে যান পর্যটকরা। এতে শব্দ দূষণের কারণে সেখানকার পাখিগুলোর স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে।

দ্বীপ ঘেঁষে পর্যটন কর্তৃপক্ষ একটি পন্টুন স্থাপন করলে পর্যটকরা ভ্রমণে গেলেও ওই চরে বিচরণ না করে পন্টুন থেকেই যেন প্রকৃতিকে উপভোগ করতে পারেন, এমনটাই দাবি পরিবেশবিদ ও গবেষকদের।