>> উৎসব হয়নি তো কি হয়েছে!
বিশেষ প্রতিনিধি ।।
উৎসব হয়নি তো কি হয়েছে! বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়েছে দেশের প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা। তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাস তাদের। শুধু শিক্ষার্থী নয় উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবকরাও। এ উচ্ছ্বাস উৎসবের আনন্দের চেয়ে কোন অংশেই কম নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের প্রায় সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেই শনিবার বিতরণ করা হয়েছে নতুন বই। একসঙ্গে সব বই দিতে না পারলেও অন্তত ৮০ শতাংশ বইই পেয়েছে শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে চলতি মাসের মধ্যেই সব বই শিক্ষার্থীরা পেয়ে যাবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কর্তৃপক্ষ বলছে, জানুয়ারিতে সব বই পৌঁছানো সাপেক্ষে ১ ফেব্রুয়ারি সব স্কুলে পাঠদান কার্যক্রম শুরু হবে। সরেজমিনে রাজধানীর কয়েকটি স্কুল ঘুরে দেখা যায়, মধ্য পৌষের কনকনে ঠা-া বাতাস উপেক্ষা করেই শিশুরা তাদের অভিভাবকদের হাত ধরে স্কুলে এসেছে বই নিতে। রাজধানীর মগবাজারের বিটিসিএল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী কে এম ওয়াহিদ নাঈম উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আজ নতুন বই হাতে পাব এই আনন্দে সারা রাত ঘুম আসেনি চোখে। ভোর বেলাতেই ঘুম থেকে উঠে গিয়েছি। তার বাবা সাঈদ খান বলেন, সেই ভোর থেকে স্কুলের ইউনিফর্ম পরে বসে ছিল কখন স্কুলে আসবে। করোনার কারণে এ বছর কোন আনুষ্ঠানিকতা না হলেও ছেলে নতুন বই হাতে পেয়েছে এতেই আমরা আনন্দিত। বছরের প্রথম দিনটি তাই আমাদের কাছে অন্যরকম আলো ছড়িয়ে দিল। একই কথা বলেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী রাফসানজানি ভূঁইয়া তনয়ের বাবা গোলাম সামদানি। ছেলের বইয়ের ব্যাগ নিজের কাঁধে নিয়েই ঘুরছেন তিনি। বলেন, এ আনন্দ প্রকাশ করার নয়। ছেলে-মেয়ে যখন নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন যেমন আনন্দ তেমনি আনন্দ হয় তাদের নতুন বই হাতে পাওয়ার পরও। আজও তেমন আনন্দ হচ্ছে। ছেলের ভবিষ্যত যেন উজ্জ্বল হয় সেই দোয়া করবেন। উচ্ছ্বসিত রাজধানীর ইস্পাহানী গার্লস স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসাও। নতুন বইয়ের বান্ডিল হাতে রাখে হিমশিম খেতে খেতেই বলে, করোনার কারণে অনেক স্কুলে আসতে না পারায় খুব মন খারাপ ছিল। তবে স্কুল খোলার পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দ লেগেছে। আজ আবার নতুন বই পেয়েছি।
আরও পড়ুন : কালীগঞ্জের পথ শিশুরা পাচ্ছে রৌদ্দুরের আলো
কি যে খুশি লাগছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে খুশি শিক্ষকরাও। রাজধানীর বনানী বিদ্যানিকেতনের শিক্ষক শর্মী আচার্য বলেন, প্রায় প্রতিবছরই আমরা বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেই। কিন্তু গত প্রায় দুই বছর একটা মহামারী সময় আমরা পার করেছি। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আমাদের অনেক প্রিয়জনকে হারাতে হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মানতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আর এরই প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক এ বছর বই উৎসব হয়নি। কিন্তু আজ (কাল) নতুন বই পেয়েছে বিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই। এই আনন্দ যেমন তাদের তেমনি আমাদেরও। ওরাই তো আমাদের ভবিষ্যত। এনসিটিবি থেকে জানা যায়, সারাদেশে এ বছর ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তকক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তক রয়েছে এবং এ বিতরণ কার্যক্রম ১২ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ভিড় এড়াতে একেক দিন একেক শ্রেণীর বই বিতরণ করা হবে। এনসিটিবির সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা জনকণ্ঠকে বলেন, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গেছে। গত ৩১ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক স্তরেরও ৯৫ শতাংশ বই পৌঁছেছে। তিনি বলেন, গত দুই বছরের চেয়ে এবার অপেক্ষাকৃত ভাল বই দেয়া হচ্ছে। দফায় দফায় পরিদর্শনের কারণে করোনা সঙ্কটের মধ্যেও ভাল বই দিতে পেরেছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। নির্দিষ্ট সময়ের মধ্যেই সব বই উপজেলা পর্যায়ে পাঠিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। প্রাথমিকের বই আগেই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। বাকিগুলো জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে চলে যাবে।
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিকে নতুন বইয়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারাদেশে।











































