Home আঞ্চলিক শৈলকুপায় সন্ত্রাসী হামলার ১৪ দিন পর যুবলীগ কর্মীর মৃত্যু

শৈলকুপায় সন্ত্রাসী হামলার ১৪ দিন পর যুবলীগ কর্মীর মৃত্যু

12



শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা।।

শৈলকুপায় প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় গুরুতর আহত যুবলীগ কর্মী স্বপন শেখ ১৪ দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ে শুক্রবার ভোরে মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে শৈলকুপা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্বপন একজন সাবেক শ্রমিক নেতা ও বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে যুক্ত বলে তার পরিবার জানিয়েছে।

নিহত স্বপন শেখ (৩৫) শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাম্মদ শেখের ছেলে।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শৈলকুপা উপজেলা হাসপাতালের সামনে চায়ের দোকানে স্বপন (৩৫) ও রাব্বি (৩০) নামের দুই যুবলীগ কর্মী বসে ছিলেন। এ সময় সংঘবদ্ধ ও শহরের চিহ্নিত একটি সন্ত্রাসী দল রামদা, চাইনিজ কুড়াল, ডাসাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে স্বপন দৌড়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ও করিডোরে ঢুকে পড়লে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষ অবস্থায় ফেলে যায় তারা।

পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর অবস্থায় স্বপনকে প্রথমে শৈলকুপা হাসপাতালে পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার আরো অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে ১৪ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঝিনাইদহে চা দোকানিকে পিটিয়ে হত্যা

ওই হামলার পর ১৮ ডিসেম্বর স্বপনের চাচা শ্রমিক নেতা ফরিদুল ইসলাম ৩৩ জনের নামোল্লেখ করে শৈলকুপা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করে।

স্বপনের চাচা অভিযোগ করে বলেন, ‘প্রকাশ্যে তার ভাতিজা স্বপনসহ দুইজনকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। অথচ খুনীরা সবাই জামিনে রয়েছে ও হুমকি অব্যাহত রেখেছে।’

স্বপনের পরিবারের অভিযোগ, রাজনৈতিক ও সামাজিক দলাদলির কারণেই স্বপনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আহত স্বপন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। পরিস্থিতি শান্ত রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।