স্পোর্টস ডেস্ক।।
২০২১ শেষ হতে চলেছে। করোনার বিরতি কাটিয়ে ফেরা বছরটিজুড়ে বাংলাদেশের ক্রিকেট কেমন ছিল, তা নিয়ে একটু আলোকপাত করা যেতেই পারে। পুরো বছরে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের কয়েকটি অর্জন থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর সবই যেন হারিয়ে গিয়েছে অতলে। তবে সান্ত্বনা বয়ে দিয়েছে নারী ক্রিকেট। তাই পুরুষদের ব্যর্থতা ছাপিয়ে মেয়েদের অর্জন দিয়েই শেষ হচ্ছে মহামারি কাটিয়ে উঠার বছর।
২০২১ সালে বাংলাদেশের বড় অর্জন জাতীয় দলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ জয়।ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তিকে ঘরের মাঠে হারিয়ে তাদের বিপক্ষে প্রথম সিরিজ জয় দেখেছিল টাইগাররা। এ ছাড়াও বছরজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতা সব দুমড়েমুচড়ে পড়েছে। অন্যদিকে প্রথমবার টেস্ট স্বীকৃতি ও ওয়ানডে বিশ্বকাপে খেলার গৌরব অর্জন করে ক্রিকেটে কিছুটা সান্ত্বনার বাতাস বয়ে এনেছেন নারীরা।
বছরের শুরুতে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেন সাকিব আল হাসান। আর মাঝমাঝি সময়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ রিয়াদ। বছরের শেষ দিকে এসে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের চেয়ে বাইরের পারফরম্যান্স অর্থাৎ বিতর্কই যেন ছিল সবার উপরে। মান অভিমানে ভরা সিনিয়র ক্রিকেটারদের মানসিক প্রভাবও চোখে পড়েছে বেশ।
বছরের শুরুতে নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল তামিম ইকবালরা। ওই সিরিজ দিয়েই আইসিসির নিষেধাজ্ঞা থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন সাকিব। কিন্তু ওই সফরে ক্যারিবীয়দের সঙ্গে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরে বড় ধাক্কা খায় বাংলাদেশ। যে ধাক্কা পুরো বছরজুড়ে বয়ে বেড়িয়েছে মুমিনুল হকরা। উপমহাদেশের বাইরের দলের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ সহজে টেস্ট হারে না, এমন ভাবমূর্তিটা দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ দল গুঁড়িয়ে দিয়ে যায়। চট্টগ্রামে কাইল মেয়ার্সের সেই অসাধারণ ইনিংস, তারপর ঢাকায়ও হেরে ২-০ ব্যবধান সিরিজ হাতছাড়া বাংলাদেশ।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ
এরপর মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ছয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। সেখান থেকে ফিরে শ্রীলঙ্কা সফরে গিয়ে একটু হাওয়া বদল হয়, পাল্লেকেলে টেস্টে ড্র করে মুমিনুলের নেতৃত্বাধীন দল। যদিও পরের ম্যাচ হেরে যায় তারা, কিন্তু ভালো ক্রিকেট খেলে কুড়িয়েছিলেন প্রশংসা। শ্রীলঙ্কা সিরিজের পর জিম্বাবুয়ে সফর। সোনায় মোড়ানো হতে পারে সেই সফরটি। একমাত্র টেস্টে ড্র, এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি দাপুটে সিরিজ জয় বাংলাদেশের। ওই সফরে একমাত্র টেস্ট চলাকালীন মাহমুদউল্লাহর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানো নিয়ে আলোচনার কমতি ছিল না।
জিম্বাবুয়ে থেকে ফিরে মাহমুদউল্লাহর নেতৃত্বেই ঘরের মাঠে পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে ছাড়াই প্রথমে অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়ে বিশ্বকাপের আগে বেশ আত্মবিশ্বাস অর্জন করে টাইগাররা। ঘরের মাঠের সর্বোচ্চ সুবিধা নিয়ে পাওয়া জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কা, এরপর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভে যায় বাংলাদেশ। কিন্তু এরপর একের পর এক হতাশা। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা লড়াই করলেও বাকি ম্যাচগুলোতে দাঁড়াতেই পারেনি তারা। টানা ছয় হারের সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ সাত হারের রেকর্ড বয়ে দেশে ফিরে তারা।
সেই ধাক্কা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তারা, এমনটাই হয়তো ভেবেছিল ভক্ত সমর্থকরা। কিন্তু টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সব ম্যাচে হেরে যায় মাহমুদউল্লাহ-মুমিনুলদের। একই সময় জিম্বাবুয়েতে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পায় বাংলাদেশ।











































