স্টাফ রিপোর্টার।।
নগরীর খালিশপুর থানাধীন দারুস সালাম জামে মসজিদের সামনে থেকে হরকাতুল জিহাদ আল ইসলাম এর গ্রেপ্তার ৪ সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের দু’টি থানায় বিভিন্ন মেয়াদের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোছা. রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের মিজানুর রহমান তুষার (২৩), মো. ওমর ফারুক (১৮), মো. মুজাহিদুল ইসলাম (২১) ও মো. ইউসুফ আল হেলাল (২০)। রায়ে মিজানুর রহমান তুষারকে ৮ ধারায় ৬ মাস এবং ৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ওমর ফারুক, মজাহিদুল ইসলাম ও ইউনুস আহমেদ আল হেলালকে ৮ ধারায় ৬ মাস এবং ৯ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ইকরামুল কবীর কিসমত নথীর বরাত দিয়ে জানান, ২০০৮ সালের ১৪ অক্টোবর খালিশপুর থানাধীন দারুস সালাম জামে মসজিদের সামনে থেকে হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশের ৪ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৬। ১৮ অক্টোবর র্যাব-৬ এর উপ-পুলিশ পরিদর্শক মফিজুল হক বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে খালিশপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন যার নং-১৮। ২০১৪ সালের ২২ জুলাই সিআইডি পুলিশের পরিদর্শক মিঠু রানী দাশ ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি এডভোকেট মো. শওকত আলী সুজা।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭১ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নিরালা দিঘীরপাড়া এলাকার মোস্তফা শেখের ছেলে মো. রাসেল শেখ (১৯) ও আকরাম হোসেনের ছেলে মো. সাগর (২০), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আশাশুনি গ্রামের মৃত. নুরুল হুদার ছেলে মো. তারিকুল ইসলাম (৩৮) ও শ্রীকলম গ্রামের মৃত. কপিল উদ্দিন গাইনের ছেলে মো. নজির উদ্দিন গাইন (৫০) এবং বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাদিস আমতলী কলসকাঠী গ্রামের কালু হাওলাদারের ছেলে মো. জহিরুল ইসলাম হাওলাদার (২০)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটি স্পেশাল ব্রাঞ্চ) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭১ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।











































