Home জাতীয় দুর্ঘটনার পর জব্দ বাস সরাতে গিয়ে আবার দুর্ঘটনা, নিহত ২

দুর্ঘটনার পর জব্দ বাস সরাতে গিয়ে আবার দুর্ঘটনা, নিহত ২

14

ঢাকা অফিস।।

ঢাকার গুলিস্তানে দুর্ঘটনার পর পুলিশ একটি বাস জব্দ করে সরিয়ে নেওয়ার পথে আবার দুর্ঘটনার ঘটনা ঘটে। সেই বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বাসটি চালাচ্ছিলেন একজন পুলিশ সদস্য। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন-শুকুর মাহমুদ (৫৭) ও তুষার (৩০)।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়েছে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শ্রাবণ পরিবহনের বাসটি মদনপুর থেকে গুলিস্তান রুটে চলাচল করে। গতকাল দুপুরের পর বাসটি গুলিস্তানে আসে। পৌনে তিনটার দিকে গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের সামনে যাত্রী উঠিয়ে আবার মদনপুরের উদ্দেশে রওনা হয়। বাসের চাকায় হাওয়া কম থাকায় সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ফাঁড়ির এএসআই এমদাদ গাড়ির কাগজপত্র যাচাই করেন। ত্রুটি পাওয়া গেছে জানিয়ে বাসটি জব্দ করেন তিনি। এর পরই তিনি চালকের আসনে বসেন। সব যাত্রী নামিয়ে দেন। এএসআই এমদাদ বাসটি চালিয়ে ফাঁড়িতে নিয়ে যাচ্ছিলেন। আনুমানিক একশ’ গজের মধ্যে গাড়িটি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে যায়। বিভাজন ভেঙে পথচারিদের চাপা দেয়। এতে চারজন পথচারি এবং একজন রিকশা চালক আহত হন। কয়েকটি রিকশা ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শুকুর মাহমুদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যয় আহত তুষার মারা যান।

আরও পড়ুন : কালনা সেতু দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির বাসের চালক ও সুপারভাইজরার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাসের চাকায় হাওয়া কম ছিল। এ কারণে যাত্রী নামিয়ে বাসটি পুলিশ জব্দ করে নিয়ে যাওয়ার সময় সড়ক বিভাজনে তুলে দেয়।

তবে পুলিশ বলছে ভিন্ন কথা। পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া সমকালকে বলেন, বাসটি হানিফ ফ্লাইওভার থেকে গুলিস্তানে নামার পর সময় নাসির নামে একজন পুলিশ সদস্যকে ধাক্কা দেয়। তিনি কোতয়ালী থানায় কর্মরত। দুর্ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যান চালক। বাসটি রাস্তায় রাখার কারণে পেছনে যানজট সৃষ্টি হয়। পুলিশ সদস্য এমদাদ গাড়ি চালাতে জানেন। এ কারণে তিনি বাসটি চালিয়ে সরাতে চেয়েছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এমদাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, বাসের ধাক্কায় আহত চার জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শুকুরকে আনার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করা হয়। আহত অপর তিনজনের মধ্যে দুজন আনোয়ার হোসেন ও আব্দুর রশিদ প্রাথমিক চিকিৎসা নেন। তুষারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি করা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত শুকুর মাহমুদের স্বজনরা জানান, তার বাড়ি নারায়ণগঞ্জে। তিনি আমেরিকা প্রবাসী। এদিকে তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত রিকশা চালক রমজান আলী পুলিশ ফাঁড়ির সামনে জানান, তিনি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। যাত্রী ছিল না। হঠাৎ একটি বাস সড়ক বিভাজন ভেঙে কয়েকজনকে চাপা দেয়। তার রিকশাও ধাক্কা লাগে। তিনি ছিটকে পড়ে যান। তিনি হাত ও পায়ে আঘাত পেয়েছেন।