যশোর অফিস।।
করোনাকালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তি অতীতের সব রেকর্ড ভেঙেছে। এ বছর বোর্ডে পাশের হার ৯৩ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন শিক্ষার্থী।
এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ পাশের হার ছিল ৯২ দশমিক ৬৪ ভাগ। আর গত বছরই সবেচেয়ে বেশি ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এ বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাশের হার ৯৩ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন।
গতবছর এই বোর্ড থেকে পাশের হার ছিল ৮৭ দশমিক ৩১ ভাগ ও জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। সে অনুযায়ী গত বছরের চেয়ে এ বছর যশোর বোর্ড থেকে ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। আর পাশের হার ৫ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন। পাশের হার ছিল ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪ জন।
আর ২০১৯ সালে যশোর বোর্ডে মোট ১ লাখ ৮২ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৬৮৮ জন। পাশের হার ছিল ৯০ দশমিক ৮৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯৪৮ জন।
২০১৮ সালে যশোর বোর্ডে মোট ১ লাখ ৮৩ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৪০ হাজার ৬৯৯ জন। পাশের হার ছিল ৭৬ দশমিক ৬৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৩৯৫ জন।
২০১৭ সালে যশোর বোর্ডে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন। পাশের হার ছিল ৮০ দশমিক ০৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৬০ জন।
তবে রেকর্ড পাশের হার ছিল ২০১৬ সালে। ওই বছর ১ লাখ ৪৮ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল ৯১ দশমিক ৮৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৪৪৪। ২০১৯ সালের আগে ২০১৬ সালেই পাশের হার ৯০-এর কোটা অতিক্রম করেছিল।
যদিও ২০১৫ সালে যশোর বোর্ডে পাশের হার বেশ কম ছিল। ওই বছর ১ লাখ ২৭ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৭ হাজার ৯০৮ জন। পাশের হার ছিল ৮৪ দশমিক ৫১ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ১৯৮ জন শিক্ষার্থী।
এর আগে ২০১৪ সালে এই বোর্ড থেকে ১ লাখ ২৯ হাজার ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৯ হাজার ২২৫ জন উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল ৯২ দশমিক ২৬ ভাগ। ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী।
২০১৩ সালে যশোর বোর্ড থেকে ১ লাখ ১৮ হাজার ৩২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৯ হাজার ৬১৯ জন উত্তীর্ণ হয়েছিল। পাশের হার ছিল ৯২ দশমিক ৬৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ১০১ জন শিক্ষার্থী। এবারের আগে স্মরণকালের মধ্যে ২০১৩ সালেই যশোর বোর্ড পাসের হারে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছিল।











































