বাবুল আক্তার।।
পাইকগাছা উপজেলার কে. এম. আসাদুজ্জামান রুহিন (৪৮) জার্মানির হামবুর্গে পৃথিবীর সবচাইতে বড় বিমান কোম্পানির এয়ারবাস বেসামরিক বিমান তৈরী বিভাগে কর্মরত। তিনি ১৯৭৩ সালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্ৰামের কাগজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত কে. এম. ওয়াহেদুজ্জামান পারিবারিক সূত্রে জানা গেছে, রুহিন শিক্ষাজীবনে গ্ৰামের লক্ষ্মীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং তৎকালীন সেন্টার পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে খুলনা সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি কিয়েভ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পড়াশোনা শেষ করেছেন। তারপর বের্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন।
তিনি বিভিন্ন বিশ্ববিখ্যাত কোম্পানিতে চাকুরীর পর গত ২০০৭ সাল থেকে এয়ারবাস কোম্পানিতে যোগ দিয়েছেন। প্রথমে তিনি হেলিকপ্টার বিভাগে ছিলেন, তারপর ২০১০ সাল থেকে এয়ারবাসের বেসামরিক বিমান তৈরীর বিভাগে জার্মানির হামবুর্গে কর্মরত। তিনি দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন যেন আরো সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন। পাইকগাছা উপজেলার চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু বলেন, “সাবেক চেয়ারম্যান মৃত কে. এম. ওয়াহেদুজ্জামানের বড় ছেলে দীর্ঘদিন জার্মানিতে থেকে বিমান তৈরী কোম্পানিতে চাকুরীরত আছেন আমরা শুনেছি। আমি তার সার্বিক সফলতা কামনা করি।” জার্মানির এয়ারবাস কোম্পানির এ্যারোনোটিক্যাল ইন্জিনিয়ার জনাব রণজিৎ দাশ জানান, “আসাদুজ্জামান কাগজী এয়ারবাস কোম্পানির বেসামরিক বিমান বিভাগে কেবিন, হাইড্রলিক এবং মেক্যানিক্যাল সিস্টেমের কষ্টিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত এবং অনেক সফলতা অর্জন করেছেন।”











































