খুলনাঞ্চল রিপোর্ট।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম ইউনিট। সোমবার (২৭ ডিসেম্বর) ভোররাত থেকে এ অভিযান শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। পরে অভিযান আজকের মতো সমাপ্ত ঘোষণা করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযান আজকের মতো সমাপ্ত হয়েছে। আগামীকালও অভিযান পরিচালিত হতে পারে।
তিনি জানান, আজকের অভিযানে ১৫টি মর্টার শেল, ২৫টি বুস্টার ও ৫১০ রাউন্ড অটো মেশিনগানের গুলি উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোববার রাতে ঢাকার যাত্রাবাড়ি থেকে আপেল ত্রিপুরা অমিত (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি এলাকার বাসিন্দা বিশু ত্রিপুরার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সাতছড়ির গহীন অরণ্যে গোলাবারুদ থাকার তথ্য দেন। তাকে নিয়ে ভোর রাতে সাতছড়িতে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিট।
সাতছড়ির গহীন অরণ্যে তার দেখানো পৃথক দুটি স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, আপেল ত্রিপুরাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সে কেন, কি উদ্দেশ্যে, কোথা থেকে এসব গোলাবারুদ এনে মজুদ করেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৬ দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান এবং ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র্যাব। এরপর সর্বশেষ গত ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।









































