Home আঞ্চলিক মঞ্জুকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি

মঞ্জুকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি

12

# অবিচার করা হয়েছে বলেছেন মঞ্জু # খুলনার বিএনপি নেতারা চুপ # কয়েক ঘণ্টায় ১৬ নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার||

খুলনা মহানগর বিএনপির সদ্য বিদায়ী সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমার প্রতি অবিচার করা হয়েছে।’ একইসঙ্গে নজরুল ইসলাম মঞ্জুর জায়গায় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে অমিত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা মহানগর বিএনপির কমিটি গঠন নিয়ে সিনিয়র নেতাদের সমালোচনা করেন মঞ্জু। তিনি শফিকুল আলম মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে দেওয়া খুলনা মহানগর বিএনপির কমিটি পুনরায় মুল্যায়নের দাবি জানান। এই কারণে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হওয়ার চিঠি কিছুক্ষণ আগে পেয়েছি। তবে, কেন উনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কিছু জানি না।

আমার প্রতি অবিচার করা হয়েছে:সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পদ থেকে অব্যাহতি দিয়ে দল তার প্রতি অবিচার করেছে। তবে, তিনি ‘বিএনপিতেই আছেন, বিএনপিতেই থাকবেন’ বলে জানিয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গনমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এদিন সকালে দলের কেন্দ্রীয় দফতর থেকে তাকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। অব্যাহতির বিষয়টি জেনেছেন, জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘খুলনায় দল পুনর্গঠন প্রক্রিয়ায় অনিয়ম চলছে, এটা আমি লিখিতভাবেও জানিয়েছিলাম। প্রথমত, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি দীর্ঘ ৪৪ বছর ধরে বিএনপি করি।’ কমিটি গঠনের পর ‘অগ্রহণযোগ্য প্রক্রিয়ার’ বিষয়টি উল্লেখ করে নিজের করা সংবাদ সম্মেলনের বিষয়ে মঞ্জু বলেন, ‘অগ্রহণযোগ্য নেতাদের নিয়ে কমিটি দেওয়া হয়েছে, আমি সেটি ছোট আকারে সংবাদ সম্মেলন করে বলেছিলাম।’ বর্তমান কমিটি গঠনের মধ্য দিয়ে দুর্বৃত্তায়নের প্রসার ঘটেছে বলে মনে করেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম। গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি করে বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পরে ১২ ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়ন করার আহ্বান জানান। এই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে। বিএনপির সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দল অসততা ও অন্যায়ের দিকে ধাবিত হলো। আমি জিয়াউর রহমানের আদর্শে বেগম জিয়ার নেতৃত্বে ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। দলের এই দুঃসময়ে দল যেন সঠিক পথে থাকে, সঠিক ধারায় থাকে, সেটাই আমি চাই।’ ‘আমি দীর্ঘ ৪৪ বছর ধরে বিএনপি করি। বিএনপির কর্মী আমি। কখনও শৃঙ্খলাভঙ্গ করিনি। দলের সকল কর্মসূচি সততা, নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করেছি। খুলনায় সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে সাহসী পরিস্থিতি সৃষ্টি করেছি।’ উল্লেখ করেন মঞ্জু। খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণনেতা হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর অব্যাহতির খবরে বিএনপিতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলের একজন সিনিয়রনেতা বলেন, দলের শীর্ষনেতৃত্বকে ভুল বুঝিয়ে দলের কেন্দ্রীয় একাধিকনেতা মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার মতে, বিএনপির এই কর্মসূচি চলাকালে মঞ্জুর মতো সাংগঠনিক ও রাজনৈতিক নেতার অব্যাহতির মধ্যে দিয়ে পুরো দল এমনকি দেশের তৃণমূলে নেতিবাচক বার্তা পৌঁছেছে। এতে আদতে বিএনপিরই ক্ষতি হলো। নজরুল ইসলাম মঞ্জুর মত, অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি দল গঠনে তিনি অনিয়মের প্রতিবাদ জানিয়ে প্রতিকার পাননি। বরং দল পুনর্গঠন প্রক্রিয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি তো কোনও অন্যায় কিছু করিনি। অস্বচ্ছতা, অসততা ও দলের জন্য যা কিছু ভালো মনে হয়েছে, তাই করেছি। এই সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে নিষ্ঠাবান, ত্যাগী নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হলো, নেতাকর্মীদের আস্থার সংকটও সৃষ্টি হলো।’ দলের অব্যাহতির সিদ্ধান্তে নতুন কিছু চিন্তা করছেন কিনা, এমন প্রসঙ্গে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমি বিএনপির কর্মী। বিএনপি ছাড়া কোনও কথা নেই। এখন বিএনপিতে আছি, আগামীতেও বিএনপিতে থাকবো।’

১৬ নেতার পদত্যাগ:নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলটির খুলনা জেলার ১৬ নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম আরিফুর রহমান মিঠুও রয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত সময়ে তারা পদত্যাগ করেন। সূত্র জানিয়েছে, মিঠু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগ পত্র দিয়েছেন। বাকিরা পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগ করেছেন। আরিফুর রহমান মিঠু অভিযোগ করে বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অন্যায়ভাবে অব্যাহতির প্রতিবাদ জানাতে আমি পদত্যাগ করেছি।’ পদত্যাগকারী বাকি নেতারা হলেন- খুলনা সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ড সভাপতি এম কে এ তরিকুল্লাহ খান ও সাধারণ সম্পাদক মো. জাহিদ কামাল টিটো, সদস্য মো. সামসুল আলম খান, মো. তরিকুল আলম, ওয়াহাব আলী, মো. নজরুল ইসলাম নান্না, মো. রফিক, মো. খান গাজী, জাহাঙ্গীর মল্লিক, মো. বেল্লাল তালুকদার, এস এম শাহাবুদ্দিন, মো. আবুল বাশার, কবির আহমদ ও মহানগর স্বেচ্ছাসেবক ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. সারুজ্জামান মুকুল। এর আগে, শনিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। গত ৯ ডিসেম্বর খুলনা জেলা ও মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতেও রাখা হয়নি মঞ্জুকে।

খুলনার বিএনপি নেতারা চুপ:কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জুর অব্যাহতির খবরে বিরোধী পক্ষ স্বস্তি পেলেও আপাতত চুপচাপ রয়েছেন খুলনার বিএনপির নেতারা। নগরীর প্রভাবশালী এ নেতার অব্যাহতির সিদ্ধান্ত দলের শীর্ষ পর্যায় থেকে আসায় কোনও নেতাকর্মীই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক নগরীর একাধিক নেতা জানান, গঠনতান্ত্রিকভাবে ‘এক নেতা এক পদ’ পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ চিন্তা থেকেই গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি দেয় বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পড়ে ১২ ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়নের আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে। নেতাদের ভাষ্য, মঞ্জুকে বিএনপির খুলনা মহানগর সভাপতি অথবা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের (খুলনা বিভাগ) যেকোনও একটি পদ ছেড়ে দিতে বলা হয়। কিন্তু উভয় পদ ধরে রাখেন তিনি। যদিও এ প্রসঙ্গে জানতে চাইলে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি বলেন, ‘খুলনায় দল পুনর্গঠন প্রক্রিয়ায় অনিয়ম চলছে, এটা আমি লিখিতভাবেও জানিয়েছিলাম। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে আমার প্রতি অবিচার করা হয়েছে। আমি দীর্ঘ ৪৪ বছর ধরে বিএনপি করি।’ নিজের প্রতি দলের সিদ্ধান্তকে ‘অবিচার’ আখ্যা দিলেও নগরীর অন্য নেতারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। তারা আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চাচ্ছেন। মহানগরের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুজ্জামান মনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে আগ্রহী নন। বিলুপ্ত মহানগর কমিটির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না।’ জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আমার জানা নেই। ফলে এ বিষয়ে কোনও মন্তব্য এখনই করা সম্ভব না।’ ‘খুলনায় বিএনপির রাজনীতিতে অপরিহার্য নাম নজরুল ইসলাম মঞ্জু। দলের সাংগঠনিক ও কর্মসূচিতে সামনের কাতারেই নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অব্যাহতির কারণে অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে যাবেন’, বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা। তারা এও বলছেন, ‘নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিলেও তার পদ নিয়ে পুনরায় সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে আপাতত সিদ্ধান্ত মেনে নিলে তাকে আবারও স্বপদে দেখা যেতে পারে’, এমন সম্ভাবনার কথা জানান কেন্দ্রীয় একাধিক নেতা। ‘ব্যক্তি কোনও বিষয় না’ বলে মনে করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান। তিনি বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার হাতে গড়া দল। এখানে দলই আসল কথা। ব্যক্তি কোনও বিষয় না। আর খুলনা বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে যে নেতৃত্বে আসবেন, দলকে এগিয়ে নিতে সফল হবেন।’ বিএনপি সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রদল নেতা নজরুল ইসলাম মঞ্জু ১৯৮৮ সালে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এরপর ১৯৯৩ সালে মহানগরের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে আহ্বায়ক এবং ওই বছরেই সভাপতি হন তিনি। নজরুল ইসলাম মঞ্জু এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের রাজপথের সক্রিয় কর্মী ছিলেন। ১৯৮৫ সালের দিকে তিনি খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক হন ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকও ছিলেন মঞ্জু।