খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক আজ শুক্রবার খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মহানগরীর বিভিন্ন গির্জায় যান এবং খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সন্ধ্যায় সিটি মেয়র নগরীর বাবু খান রোডস্থ সেন্ট জোসেফস ক্যাথলিক চার্চে যান এবং ফাদার নরেন মন্ডল-এর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে কেক, চকলেট ও ফুল হস্তান্তর করেন। তিনি শুভ বড় দিনে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। উল্লেখ্য, শুভ বড়দিন উপলক্ষে কেসিসি’র পক্ষ থেকে নগরীর ৩৩টি গির্জায় শুভেচ্ছা উপহার হিসেবে কেক, চকলেট ও ফুল হস্তান্তর করা হয়।
কেসিসি’র কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, ফকির মো: সাইফুল ইসলাম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজলসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চ, খালিশপুর চার্চ অব বাংলাদেশ এবং ফুলবাড়িগেট ক্যাথলিক চার্চে যান এবং খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি সিটি মেয়রের শুভেচ্ছা
শুভ বড়দিন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন প্রাক্কালে এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, যীশু খ্রীষ্ট সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মানবসেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা মানব ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তাঁর এই ত্যাগের মহিমা খ্রিষ্টান ধর্মালম্বীদের যুগে যুগে আলোর পথে অনুপ্রাণিত করছে। তিনি যীশু খ্রিষ্টের এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তাদের প্রতি আহবান জানান।
সিটি মেয়র বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।











































