স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (২৪ ডিসেম্বর) সভায় বসেছিল। এটি ছিল এবারের নির্বাচনের পর বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক সভা। এই সভার পর অনেক পরিবর্তন এসেছে সংগঠনটির বিভিন্ন পদে।
বিসিবির অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন জালাল ইউনুস চৌধুরী। আকরাম খানের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মিডিয়া কমিটির নতুন প্রধানের দায়িত্ব পেয়েছেন তানভীর আহমেদ টিটু। এছাড়া বোর্ডের ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব পেয়েছেন আকরাম খান।
জালাল ইউনুস এর আগে পালন করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। আকরাম খান নিজ ইচ্ছায় সরে দাঁড়ানোয় তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেলেন।
২০ ডিসেম্বর আকরাম খানের সহধর্মিনী সাবিনা আকরাম ফেসবুকে এক পোস্ট দিয়ে আকরাম খানের পদত্যাগ করার খবরটি সামনে আনেন। পরে আকরাম বলেন তিনি পারিবারিক কারণে অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে চান। ২১ ডিসেম্বর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হলে গণমাধ্যমকে তিনি বলেন, এটা আমাদের পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চূড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।
এই ইস্যুতে পরে পাপন বলেছিলেন, তার (আকরাম) সঙ্গে আমার কথা হয়েছে। সে জানিয়েছে যে, এখন যে দায়িত্ব আছে সে সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আর তাই সে অন্য কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছে।
বোর্ড সভাপতির ভাষায়, আকরাম খানের থাকা-না থাকার বিষয়ে সিদ্ধান্ত ২৪ ডিসেম্বর নেওয়া হবে। অবশেষে তাই সত্যি হলো।
এছাড়াও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছেন খালেদ মাহমুদ সুজন, ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা, হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়, ভাইস চেয়ারম্যান আকরাম খান, টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি, ভাইস চেয়ারম্যান সুজন, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহাবুব আনাম, স্কুল ক্রিকেটের চেয়ারম্যান ওবায়েদ নিজাম ও ভাইস চেয়ারম্যান টিটো।











































