খুলনাঞ্চল রিপোর্ট।।
ঝালকাঠিতে সুগন্ধা নদীতে যাত্রীবোঝাই লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অর্ধশতাধিক নিখোজ রয়েছেন। স্বজনদের সন্ধান পেতে নদীপাড়ের ভিড় করেছেন পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদীপাড়ের বাতাস।
শুক্রবার বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় নদী তীর ও হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা।সুগন্ধা নদীতে যাত্রীবাহি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন তার সঠিক কোনো তথ্য দিতে পারছে না জেলা প্রশাসন। তবে এ পর্যন্ত ৭ থেকে ৮ জন ব্যক্তি জেলা প্রশাসনের কাছে তাদের স্বজন না পাওয়ার অভিযোগ করেছেন। তারা নদীর তীরে এবং হাসপাতালে ভিড় করছেন। জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থায় নিখোঁজ স্বজন ফেরত চান তারা।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঝালকাঠি সদরের দিয়াকুল গ্রামের কাছে সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লেগে যায়। লঞ্চটি প্রায় আট শ’ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠিতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। লঞ্চে আগুনে এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লঞ্চের কর্মচারি গোবিন্দসাহা জানান, লঞ্চে সাত শতাধিক যাত্রী থাকলেও আগুনে ১০০ থেকে ১৩০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধকৃত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে এর সঠিক সংখ্যা প্রায় শতাধিক হবেন। নিখোঁজ রয়েছে অর্ধশতাধিক।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। দগ্ধ যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে।











































