স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বন্ধের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে। কুয়েটের হল খুলবে আগামী ৭ জানুয়ারি এবং ক্লাস শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে।
এছাড়া অধ্যাপক সেলিমের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনলাইনে কুয়েট সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার মুখপাত্র রবিউল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়েট কর্তৃপক্ষ জানায়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৩ ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা এবং ওই দিন বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া ওই দিন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিকে ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়। এরপর গত ১২ ডিসেম্বর সিন্ডিকেট সভায় ২৩ ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছিল।
‘মানসিক নির্যাতন’ সইতে না পেরে গত ৩০ নভেম্বর হার্ট অ্যাটাকে মারা যান কুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
অধ্যাপক সেলিমের শিক্ষার্থী ও সহকর্মীদের অভিযোগ, কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান ও তার সহযোগীরা তার পছন্দের ছাত্রকে লালন শাহ হলের ডাইনিং ম্যানেজার নিযুক্ত করার জন্য প্রভোস্ট সেলিমকে চাপ ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ইতোমধ্যে প্রাথমিক সত্যতা মেলায় সেজানসহ ৯ ছাত্রকে কুয়েট থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।











































