Home আঞ্চলিক ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক মালিককে গণপিটুনি

ট্রাকচাপায় রিকশাচালক নিহত, ট্রাক মালিককে গণপিটুনি

6

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক মালিককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরতলীর লাহিনী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের লাহিনী বটতলা মোড় এলাকায় রাস্তায় রিকশার ওপর বসেছিলেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি। এসময় কুষ্টিয়া শহর থেকে একটি ট্রাক মোড় ঘুরতে গিয়ে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই রিকশাচালক।

এসময় ট্রাকটি পালিয়ে যেতে চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে কিছু দূরে ট্রাকের মালিক জীবন হোসেনকে গণধোলাই দেন স্থানীয়রা। পরে আহতাবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।