খবর বিজ্ঞপ্তি।।
দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে খুলনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আলী আকবর টিপু। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ’র খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর ব্যুরো প্রধান সামসুজ্জামান শাহীন,কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে , শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য রাফি, জীবন, জেবিন, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব রহমান, নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, রাজিব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের সুমন, ইদ্রিস আলী জোয়ার্দার, কোষাধ্যক্ষ মো. ইয়াছিন আরাফাত, সহ-সম্পাদক চিরঞ্জিত সরকার, উপ-ক্রীড়া সম্পাদক সিদ্ধার্থ সরকার, সদস্য জয়ন্ত সরদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র বলেন, শীতে যেন কোন মানুষ কষ্ট না পায়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। তিনি তৃণমূল পর্যায়ে শীতবস্ত্র প্রদান করছেন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগও প্রশংসনীয়। সকল মানুষ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজে কারও কষ্ট থাকবে না।
শুভসংঘ খুলনায় দু’হাজার মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করবে। গতকাল পাঁচ শতাধিক মানুষের শীতবস্ত্র তুলে দেয়া হয়। খুলনায় কর্মসূচির দ্বিতীয় দিনে আজ শুক্রবার উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছাসহ বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।











































