ঢাকা অফিস।।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির। সভা শেষে তিনি বলেন, ‘বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হলে থাকা নিয়ে যে নিয়মটা ছিল, ওটা আর থাকবে না। তবে অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে, সন্তান ও মায়ের স্বাস্থ্য যাতে ঝুঁকিতে না পড়ে, সেজন্য পারিবারিক পরিবেশে থাকাটা বাঞ্চনীয়।’ শিক্ষার্থীদের বাকি দাবির বিষয়ে অধ্যাপক আবদুল বাছির বলেন, ‘শিক্ষার্থীদের দুটি দাবির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। যোগাযোগের বিষয়ে লোকাল গার্ডিয়ান এবং কন্টাক্ট পার্সন উভয়ই লেখা থাকবে। কেননা শিক্ষার্থীরা অনেকে অভিভাবকের পরিবর্তে বন্ধুদের ফোন নম্বর দিয়ে দেয়। বেশ কয়েকজন ধরাও পড়েছে।’ এদিকে কোনো বিবাহিত ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে থাকতে পারবে না- এমন বিধান বাতিল চেয়ে সংশ্লিষ্টদের বুধবার (২২ ডিসেম্বর) একটি আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির। নোটিশে বলা হয়েছে, ঢাবি প্রশাসনের ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক অসন্তোষ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাছাড়া ওই সিদ্ধান্ত বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী। এ নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নারীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। জানা যায়, সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিধিনিষেধ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হল প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে তারা চার দফা দাবি পেশ করেন। সংবাদ সম্মেলনে পাঁচটি হলের ছাত্রীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি শেখ তাসনিম আফরোজ ইমি। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মিশমা, সুফিয়া কামাল হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক শারমিন, সুফিয়া কামাল হল সংসদের সাবেক পাঠকক্ষ সম্পাদক অর্পিতা প্রমুখ। লিখিত বক্তব্যে ইমি বলেন, বিবাহিত হওয়া কি অপরাধ? বিবাহিত স্ট্যাটাসের সঙ্গে হলে থাকার বিধিনিষেধের কোনো যৌক্তিকতা নেই। একজন ছাত্রী বিবাহিত না অবিবাহিত তা দেখে হলে সিট কেন বরাদ্দ হবে, যেখানে সে মেরিট অনুযায়ী সিট পান। হলে সিট পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সব ছাত্রছাত্রীর অধিকার।











































