Home আঞ্চলিক দাদন প্রথা থেকে বেরিয়ে আসতে চান দুবলার চরের জেলেরা

দাদন প্রথা থেকে বেরিয়ে আসতে চান দুবলার চরের জেলেরা

36

বিশেষ প্রতিনিধি ||

সুদের ফাঁদে পড়েছেন সুন্দরবনের দুবলার চরের জেলেরা। তারা বলছেন, মহাজনদের কাছে তাদের জিম্মি দশা কাটছে না। তাই দাদন প্রথা থেকে বেরিয়ে আসতে চান তারা। তারা বলছেন, সুদমুক্ত ব্যাংক ঋণের ব্যবস্থা হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতো।

সকাল থেকে সাগরে জাল ফেলে দুপুর পর্যন্ত পাঁচ কেজি চিংড়ি মাছ ধরেছেন ষাটোর্ধ্ব বাবর আলী। যেটুকু মাছ শিকার করেছেন, তার সবই দিতে হবে মহাজনকে।

কারণ এই মৌসুমের জন্য মহাজনের কাছ থেকে ৩০ হাজার টাকা দাদন নিয়েছিলেন তিনি। আট জনের সংসারে দুই ছেলে নিয়ে সাগরে মাছ ধরেও আলোর মুখ দেখেননি গত বিশ বছরে।

শুধু বাবর আলী নয়, এই চরের জেলে এবং প্রত্যেক ব্যবসায়ীকেই দাদন নিয়ে ব্যবসা করতে হয়। তা না হলে, মাছ ধরার পরও সেই মাছ নিয়ে বের হতে পারবেন না চর থেকে।

প্রতিবছর দুবলার চরে এক একটি শুটকির বাজারে ব্যবসা করতে আসা জেলেরা তিন থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে থাকেন। এক মৌসুমের জন্য লাখে ২৫-৪০ হাজার টাকা সুদ গুণতে হয় জেলেদের। ফলে টানা পাঁচ মাস হাড়ভাঙা পরিশ্রম করেও আসল তুলতে পারেন না জেলেরা।

এক সময়, জলদস্যুদের ভয়ে সাগরে নামাও বিপদ ছিল জেলেদের। কিন্তু সেই আতংক থেকে উত্তোরণ ঘটেছে জেলেদের। সার্বক্ষনিক মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

২০১৪ সালে সুন্দরবনের কটকা, মোংলাসহ তিনটি এলাকায় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের টাওয়ার স্থাপন করা হয়।

তবে অধিকাংশ সময়ই থাকে না নেটওয়ার্ক। তরঙ্গ যোগযোগ ব্যবস্থার এই সুবিধাটিও পাচ্ছে না সুন্দরবনের জেলেরা।