শাহজাহান সিরাজ, কয়রা (খুলনা) থেকে ।।
খুলনার কয়রা উপজেলার বিস্তীর্ণ এলাকা থেকে ধীরে-ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মধু বৃক্ষ (খেজুর গাছ) হারিয়ে যাচ্ছে গাছি নামক শিল্পীরা। সেই সাথে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে শীতকালীন ঐতিহ্য খেজুরের রস। পল্লীবাংলার পল্লী কবি জসীম উদ্দীনের কালজয়ী ‘মামার বাড়ি কবিতার পংক্তি ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। মধুমাস জৈষ্ঠ্যের মতো মাঘ মাসেও রসনা তৃপ্তির জন্য মধু পাওয়া যায়। তা হচ্ছে মধু বৃক্ষের রস, অথ্যাৎ খেজুরের রস। এ অঞ্চলে একটি গ্রাম্য প্রবাদবাক্য আছে ‘মাঠের হাড়ি কাঠের গাই, গলা কেটে দুধ খাই। গাছ সহ খেজুরের রস বিলুপ্তি হওয়ার সাথে কালান্তরে চলে যাবে এসব প্রবাদবাক্যও। কয়রার আশে পাশের বিস্তীর্ণ জনপদ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। ঐতিহ্যভাবে শীতের ভোরে একগ্লাস খেজুরের রস পান করতে ইচ্ছা জাগে রসনা বিলাসীদের। গ্রামীণ জনপদের ঐতিহ্যের বাহক এই মধুবৃক্ষ তুলনামূলকভাবে প্রত্যন্ত অঞ্চলে অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামে মাঠেরধারে মেঠোপথের কিনারে অথবা ঘরের কোনে খেজুর গাছ দাড়িয়ে থাকতে এখন আর চোখে পড়ে না। গ্রাম বাংলার ঐতিহ্য এই খেজুর গাছ আজ অস্তিত্ব সঙ্কটে পড়েছে। কারন যে হারে খেজুর গাছ নিধন করা হচ্ছে, সে তুলনায় রোপন করা হচ্ছে না। সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম জানান, এলাকায় গাছের সংখ্যা অনেক কমে গেছে। এক সময় এই এলাকায় প্রচুর খেজুর গাছ ছিল, অনেক রসও পাওয়া যেত। এখন খেজুর গাছের সংখ্যা হ্রাস পাওয়ার সাথে সাথে পেশাদার গাছি শিল্পীরা অন্য পেশায় চলে যাওয়ায় তাদের সংখ্যাও কমে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রতি বছর নদী ভাঙনের কারনে লোনা পানি এলাকায় প্রবেশ করায় গাছ ছোট ও সরু হয়ে যাচ্ছে বিধায় রস কম হচ্ছে। এজন্য সরকারিভাবে খেজুরগাছ রোপনের ব্যবস্থা করতে হবে এবং এলাকায় যাদের খেজুর গাছ আছে তাদের খেজুর গাছ সঠিক পরিচর্যার পাশাপাশি নতুন করে খেজুর গাছ রোপন সম্পর্কে উৎসাহিত করা জরুরী বলে মনে করেন এলাকার পরিবেশ সচেতন লোকজন। শ্রীরামপুর গ্রামের গাছি নেছার গাজী ও ছেলে হেলাল উদ্দীন জানান, খেজুর গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালভাবেই সংসার চালাতে পারতেন এবং তাতে সংসার চালিয়ে কিছু সঞ্চয় করা যেত। এখন গ্রামে যে খেজুর গাছ আছে তা বেশি বয়সের এবং পরিচর্যা না করার কারনে গাছ সরু হওয়ায় তাতে তেমন রস পাওয়া যাচ্ছে না। আগে এক ক্যান (ভাড়) রস বিক্রি হত ১০০ টাকায়, এখন খেজুর গাছ কমে যাওয়ায় সে রসের দাম বেড়েছে ৩০০ টাকা। তারা আরও বলেন, আমরা অগ্রহায়ন মাসে গাছ ঝুড়ে চাচ দেই পৌস মাস থেকে রস আসে সেটা চৈত্র মাস শেষ পর্যন্ত পাওয়া যায়। আগে আমরা প্রথমে গাছ ঝোড়া বাবদ ৫০ টাকা এবং প্রতি গাতা কাটা বাবদ নিতাম ১৫০ টাকা সর্বমোট ২০০ টাকা নিতাম কিন্তু এখন গাছ কমে যাওয়ায় গাছ ঝোড়া বাবদ ১০০ টাকা এবং গাতা কাটা বাবদ ২৫০-৩০০ সর্বমোট ৩৫০- ৪০০ টাকা নেওয়ায় অনেকে গাছ কাটাতে নারাজ। অল্প গাছ কেটে তো আমদের সংসার চালাতে পারি না তাই বাধ্য হয়ে অন্য পেশায় যেতে হচ্ছে। এ বিষয়ে সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ বলেন, খেজুর গাছ এবং রস ঐতিহ্যভাবে বাংলার সংস্কৃতির সাথে ওতোপ্রোতভাবে মিশে আছে। পুষ্ঠিগুণ এবং মিষ্টতায় এর জুড়ি মেলা র্ভা বর্তমানে খেজুর গাছের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। পতিত জমিতে এবং রাস্তার দু’পাশে খেজুর গাছ লাগানো যেতে পারে। এতে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নান্দকিতার ছন্দ ছড়াবে। আমরা সরেজমিন গবেষণা বিভাগ কিছু খেজুর গাছ লাগিয়েছি কিন্তু এটা ব্যাপকহারে লাগানো প্রয়োজন এবং লাগানোর পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা করে রসে তৈরি সুস্বাদু ও সুগন্ধি গুড়কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা প্রয়োজন।











































