স্টাফ রিপোর্টার (রামপাল) ||
রামপালে আ.লীগ নেতা ফিরোজ হত্যার ঘটনায় ৫ গ্রামে পুরুষশূন্য হয়ে পড়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজিত জনতা আসামীদের বাড়িতে চড়াও হয়ে বসতঘর ও দোকানঘার ভাংচুর করায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগীরা রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। উত্তেজনা প্রশমনের জন্যে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরুষশূন্য গ্রামগুলি হলো ভাগা, কাদিরখোলা, সুলতানিয়া, কাষ্টবাড়িয়া ও চিত্রা। এ সব গ্রামের কতিপয় সন্ত্রাসীরা মূলত সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা ফিরোজ ঢালীকে হত্যা করে। সূত্র জানায়, একজন প্রভাবশালী রাজনীতিক ও তার অনুসারীরা রামপাল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামীল হাসান জামুকে কোনঠাসা করা চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় কাষ্টবাড়িয়ার কথিত আওয়ামী লীগ নেতা সন্ত্রাসী ও রামপাল থানা পুলিশের দালাল বলে খ্যাত বেলাল বেপারীকে সামনে নিয়ে আসেন। তাকে ও তার ভাই বিএনপি নেতা আক্তার চেয়ারম্যানের হত্যাসহ বহু মামলার আসামি বাকি বেপারীগংদের সৃষ্টি করেন। তারা একের পরে এক সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। মৎস্যঘের দখল, চাঁদাবাজী, বহু মানুষকে মারপিট করে পঙ্গু করে দেয়াসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এরা উপজেলা পর্যায়ের এক নেতার সেন্টারে আরো বেপরোয়া হয়ে ওঠে। তারা সাবেক চেয়ারম্যান জামুকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হত্যার চক কষতে থাকে। এক পর্যায়ে তারা ব্যার্থ হয়ে জামুর সহকারী ফিরোজ কে হিট করে। এ ঘটনায় রামপাল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর দৃষ্টি আকর্ষণ করা হল তিনি জানান, এটা খুবই দুঃখজনক। প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং কেউ হয়রানির শিকার না হয় সেটিও লক্ষ রাখার জোর দাবী করেন।
অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বাড়িঘর ভাংচুরের একই লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে মোংলা সার্কেলের এএসপি আসিফ ইকবাল এর মোবাইল ফোন বার বার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
রামপালে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা
রামপালে সকল রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস অডিটোরিয়মে রূপান্তরের আয়োজনে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি। উপজেলা সমন্বয়কারী পার্থ প্রতিম ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান সুলতানা পারভীন। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রামপাল উন্নয়ন সমন্বয়কারী এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্রলাল মণ্ডল, জেলা অপরাজিতার প্রোগ্রাম অফিসার চন্দন বিন রহিম, সাংবাদিক মোতাহার মল্লিক, সুজন মজুমদার, অপরাজিতা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য টুম্পা ঘোষ, গায়ত্রী বিশ্বাস, হাসিনা বেগম, অপরাজিতা সদস্য ঝর্ণা, দূর্গারাণী বিশ্বাস, রাবেয়া বেগম, শুক্লা সরকার, জান্নাতুল ফেরদৌস, সুষমা বিশ্বাস, অনামিকা হালদার, শিউলি মণ্ডল, ফারহানা ইয়াসমিন পপি ও হামিদা বেগম প্রমুখ। এ সময় বক্তারা গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটি ৩৩% নারীদের অন্তর্ভুক্ত করার শর্ত পূরণের দাবি জানান। ২০০৯ সালে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে ১৯৭২ সংবিধান অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি এবং জেলা, উপজেলা পর্যাযের কমিটিতে ২০২০ সালে ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব অর্জিত হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আওয়ামী লীগে ১৮%, জাতীয়তাবাদী দলে ১৩%, জাতীয় পার্টি (এরশাদ) ১০%, কমিউনিষ্ট পার্টিতে ১৩%, জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) ১২%, ওয়ার্কার্স পার্টিতে ৭% গণতন্ত্রী পার্টিতে ১৫% এবং ইসলামী ফ্রন্টে ১% নারীর অংশগ্রহণ বিদ্যমান রয়েছে। আশানুরূপ নারীর অগ্রগতি অর্জিত না হওয়ায় বক্তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন ২০২০ প্রণয়নের কাজ চলছে। যেখানে কমিটিসমূহ ৩৩% শতাংশ নারীর প্রতিনিধিত্ব থাকার বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেধে দেয়া হয়নি ।











































