Home আঞ্চলিক ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ জনগনের সাথে বিশ্বাস ঘাতকতা : রিজভী

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ জনগনের সাথে বিশ্বাস ঘাতকতা : রিজভী

13

জিয়াউর রহমানের সমাধিতে খুলনা বিএনপির শ্রদ্ধা


খবর বিজ্ঞপ্তি।।


স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গণের বীর সমরনায়ক, বাংলাদেশী জাতীয়দাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর সমাধিতে ফাতেহা পাঠ, জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুর ১২ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান খুলনা বিএনপি নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপকে দেশের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে এ জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আজকের এ অবৈধ সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এটা সম্পূর্ণরূপে জনগণের প্রতি এবং দেশের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রপতি এ সরকারেরই রাষ্ট্রপতি। এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।
আজকের ডিসেম্বর মাস, বিজয়ের মাস। ৯ মাস যুদ্ধের মধ্যে দিয়ে আমরা ভৌগলিক স্বাধীনতা পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাইনি। রিজভী বলেন, রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোট কেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকেন না। এটা হলো পরিস্থিতি।
খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে উন্নত চিকিৎসা থেকে তাকে বঞ্চিত করে সরকার নির্দয় নিষ্ঠুর শাসকের পরিচয় দিচ্ছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়। সরকারের আচরণ টেক্কা খান, চেঙ্গিস খানকেও হার মানিয়েছে।
এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু,  সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম।
নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগরের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু হোসেন বাবু।
এ সময় খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।