স্টাফ রিপোর্টার (রামপাল) ||
আওয়ামী লীগ নেতা ফিরোজ শেখকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রামপাল থানায় রবিবার রাতে ৬০ জনকে আসামী করে মামলা দায়েরে করা হয়েছে। নিহত ফিরোজের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। রামপাল থানা পুলিশ ও র্যব-৬ খুলনার আভিধানিক দল অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মূল পরিকল্পনাকারী ও এই খুনের নেপথ্যের গডফাদাররা এখনো আটক না হওয়ায় নিহতের পরিবারের সদস্যরা আতংকে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও এলিট ফোর্সের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী রামপাল সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এস, এম জামিল হাসান জামুকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা হত্যার পরিকল্পনা করে। কিন্তু চেয়ারম্যান জামুর একান্ত সহযোগী ফিরোজ শেখের কারণে তাকে হত্যার ষড়যন্ত্র বার বার ব্যর্থ হয়। এরই জের ধরে ফিরোজকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে বেলাল-বাকি-মাহজিব গংরা। গত ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় চেয়ারম্যান জামুর সাথে দেখা করে সংগীয় হানিফ গাজী ও আকবর গাজীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ফিরোজ তার কাষ্টবাড়িয়াস্থ বাড়িতে ফিরছিলেন। এ সময় বহু মামলার আসামী ও পুলিশের দালাল বলে খ্যাত বেলাল বেপারী ও তার ভাই বিএনপি নেতা আক্তার চেয়ারম্যান হত্যা মামলার আসামি বাকী বেপারীসহ মাহাজিব শেখ, শাহাজান বেপারী, আসাদ শেখ, নিজাম শেখ, হারুন শেখ, ডাবলু শেখ, বাবু, ফারুক, এনাম, সুমন রুবেল, নজরুল সরদার, সেলিনা বেগম এবং রুহুলসহ প্রায় ৬০/৭০ জন হত্যা মিশনে অংশ নেয়। শ্রীকলস গ্রামস্থ আবু সাইদের বাড়ীর সামনে সরকারি রাস্তার উপর ফিরোজকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে বীরদর্পে চলে যায়। ওই সময় ফিরোজের সাথে থাকা হানিফ ও আকবর গাজীকেও নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের বাধা দিলে তারা আওরঙ্গকে মারপিট করে আহত করে।
এলাকাবাসী ও সচেতন মহল এই নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত ও এর নেপথ্যের গডফাদারদের ও আইনের আওতায় আনার জোর দাবী জানান।
এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি জানান, ৬০ জনসহ অজ্ঞাত ১০/১৫ জন কে আসামী করে মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে এজাহার নামীয় ১০ জন আসামী ধরা হয়েছে, বাকী আসামীদের আটকের জোর চেষ্টা করছি।
উল্লেখ্য, নিহত ফিরোজ শেখ উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। গত শুক্রবার বেলা সাড়ে ১১ টায় তিনি নিজ দলীয় আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন।











































