Home আঞ্চলিক মাস্ক না পরায় চার বৃদ্ধকে কানে ধরিয়ে শাস্তি, বিতর্কিত এসিল্যান্ড সাইয়েমা হাসানকে...

মাস্ক না পরায় চার বৃদ্ধকে কানে ধরিয়ে শাস্তি, বিতর্কিত এসিল্যান্ড সাইয়েমা হাসানকে অব্যহতি

18

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মাস্ক ব্যবহার না করে রাস্তায় বের হওয়ার অপরাধে চার বৃদ্ধকে কানে ধরিয়ে শাস্তি দেওয়া যশোরের মণিরামপুরের বিকর্কিত এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুফল চন্দ্র গোলদারকে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ শনিবার সকালে এই আদেশ দেন। সুফল চন্দ্র ইতিমধ্যে মণিরামপুরে দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ভূমি ও হুকুম দখল শাখা) হিসেবে কর্মরত ছিলেন।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এই তথ্য নিশ্চিত করেছেন।

আহসান উল্লাহ শরিফী বলেন, শুক্রবার (২৭মার্চ) বিকেলের অনাকাঙ্খিত ঘটনায় তাৎক্ষণাত জেলা প্রশাসক স্যার এসিল্যান্ড সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন। তার স্থলে শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন সুফল চন্দ্র গোলদার।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণের চলাচল নিয়ন্ত্রন রাখতে শুক্রবার বিকেলে মণিরামপুরের চিনাটোলা ও কোনাকোলা বাজারে অভিযান পরিচালনা কালে চার বৃদ্ধকে মাস্ক না পরার অপরাধে কানে ধরিয়ে শাস্তি দেন সাইয়েমা হাসান। এদেরমধ্যে কোনাকোলা বাজারে একজনকে তিনি উঠবস করান। আবার সেই ছবি নিজেই মোবাইলে ধারণ করেন তিনি। শুক্রবার রাত থেকে বৃদ্ধদের কান ধরানো ছবিগুলো ফেসবুকে ভাইরাল হতে থাকে। সাইয়েমা হাসানের শাস্তির দাবিতে বিষয়টি নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, এটা দুঃখজনক। এসিল্যান্ড মোটেও কাজটা ঠিক করেননি।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি এসিল্যান্ডের এই কাজকে কোনভাবেই সমর্থন করি না।

জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, সাইমেয়া হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে।