গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহতের নাম কেয়া মনি (২০)। অভিযুক্ত ঈসমাইল মুন্সি সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে।
কেয়ার মা জেসমিন বেগম জানান, ২০১৭ সালে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের মো. শওকাত মোল্লার মেয়ে কেয়া মনির সাথে বিয়ে হয় সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের রফিক মুন্সির ছেলে ঈসমাইল মুন্সির।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে কেয়া মনিকে যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন করতেন ঈসমাইল মুন্সি। এছাড়াও ঈসমাইল মাদকসেবী হওয়ায় বিভিন্ন সময় মাদকের টাকা জোগাড়ের জন্য স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো। টাকা না পেলেই শুরু হতো স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যায় কেয়া।
এরই জেরে কয়েকজন লোক নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে কেয়া মনিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায় ঈসমাইল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।










































