বিনোদন ডেস্ক।।
কথা ছিল এবারের জন্মদিনটা দেশেই উদযাপন করবেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। কিন্তু এর ক’দিন পরই জানা যায়, করোনার কারণে দেশে আসতে পারছেন না এই চিত্রনায়িকা। তবে ভক্ত-দর্শকদের হতাশ করবেন না তিনি। জন্মদিনে ভক্ত-দর্শকদের বিশেষ উপহার হিসেবে নতুন ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও প্রকাশ করবেন এই অভিনেত্রী।
গতকাল ছিল শাবনূরের ৪৩তম জন্মদিন। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তার ভক্তরা নানা আয়োজনে উদযাপন করেছে প্রিয় নায়িকার জন্মদিন। আর নায়িকাও তার কথা রেখেছেন। সুদূর অস্ট্রেলিয়ায় বসে নতুন ইউটিউব চ্যানেলে খুলে সেখানে প্রকাশ করেছেন নতুন ভিডিও। তার সঙ্গে ছিলেন খুদে ইউটিউবার ইনাইয়া। দু’জনার দুষ্টুমি দিয়ে ভিডিও’র শুরু হলেও নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়েছেন তারা।
শাবনূরের ভাষ্য, ‘হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। ভীষণ ভীষণ ভালো লাগছে।’ এরপর নতুন এই চ্যানেলটির সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। আর সেখান থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল। তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বেশ কিছু ভিডিও। কিন্তু হুট করে এই অভিনেত্রী হ্যাকিংয়ের শিকার হন। সেসময় ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেও ইউটিউব চ্যানেলটি হাতছাড়া হয় তার।
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর দেখা মেলেনি এই নায়িকার।











































