মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় এম,টি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার মুল চ্যানেলের বাহিরে গিয়ে ওই এলাকায় ডুবন্ত রেক ওসান ওয়েবের সাথে সামনের অংশে ধাক্কা লেগে দুর্ঘটনাকবলিত হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী জানান, শনিবার সকাল ৮ টা ৪০ মিনিটের সময় ডুবন্ত ওই রেকে ধাক্কা লাগলে ট্যাকারটির পানির ট্যাংকটি ছিদ্র হয়ে যায়। তবে ট্যাকারটির তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে বলে ট্যাংকারটির মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিষয়টি বন্দরের হিরণপয়েন্ট পাইলট ষ্টেশন খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুবলা ষ্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ মুনসুর আলীকে জানানো হয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ/বোট দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন।
দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার ট্যাংকারটি থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। ওই তেলের ট্যাংকারের মজুদকৃত তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের পর দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন মালিকপক্ষ। ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেড’র আবুল কালাম। ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথিমধ্যে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।











































