মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মহান বিজয় দিবসে সরকারী-বেসরকারী ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে মোংলায়। এখানে খোদ সরকারী প্রতিষ্ঠানেই নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন না করার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় লোকজন। সকালে গিয়ে দেখা গেছে উপজেলা নির্বাচন কার্যালয়, প্রাথমিক শিক্ষা কার্যালয় ও ভূমি কার্যালয়ে দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিশেষ এই দিনটিতে খোদ সরকারী কার্যালয়ে যথা সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন ক্ষোভ জানিয়ে বলেন, বিজয়ের ৫০ বছরের এ দিবসটিতে উপজেলা প্রশাসনের মধ্যকার নির্বাচন কার্যালয়ে জাতীয় পতাকা না টানানোর দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার। নির্বাচন অফিসে কেন জাতীয় পতাকা নেই, এই প্রশ্ন ইউএনও কাছে আমাদের!

বীর মুক্তিযোদ্ধা প্রভাংশু কুমার রায় ও এস,এম ফজলুল হক শিকদারও এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব জানে আলম বাবু বলেন, এটি খুবই অন্যায়। আমরা জানি স্বস্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারের ঘোষণার পরেও আমরা কতিপয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখতে পারছিনা। এটা খুবই দুঃখজনক ও লজ্জাস্কর বিষয়।
স্থানীয় ব্যবসায়ী মোঃ সোহেল বলেন, নির্বাচন ও শিক্ষা অফিসে পতাকা নাই। এখানে জাতীয় পতাকা থাকা আবশ্যক। আমাদের চোখে পড়েছে পতাকা না টানানোর বিষয়টি, তবে দ্রুত টানানো উচিৎ।
পৌর যুবলীগের সহ-সম্পাদক গাজী আশরাফুল আলম বাবু বলেন, উপজেলা শিক্ষা ও নির্বাচন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, বিষয়টি আমাদের বোধগম্য হচ্ছেনা, তাদের কি পতাকা উত্তোলনে কোন বিধি নিষেধ আছে নাকি নিতান্ত অবহেলার কারণে পতাকা উত্তোলন করেননি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কাছে জানতে চাওয়ার পর তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বলার পর তারা বিলম্বে পতাকা উত্তোলন করেন। কেউ কেউ পতাকা উত্তোলনে বিলম্ব করেছে উল্লেখ করে তিনি বলেন, শোকজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।











































