স্টাফ রিপোটার,বাগেরহাট।।
বাগেরহাটে বিজয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে এসে হামলার স্বীকার হয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্তম্ভে ফুল দিতে গেলে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসীদের হামলার স্বীকার হন তারা। হামলায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, ডা. আব্দুর রহমান, এসকেন্দার হোসেনে, শহীদুল ইসলাম খোকন, আসাদুজ্জামান, বাকী বিল্লাহ, দুলাল ফরাজী, মুস্তাফিজসহ আরও ১২-১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়। তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বাগেরহাট শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য মিছিল সহকারে গেলে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কতিপয় উশৃঙ্খল ব্যক্তিরা অতর্কিতভাবে র্যা লিতে হামলা চালায়। এতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ অনেক নেতাকর্মী আহত হন। এই ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা আমার জানা নেই। এরকম কোন ঘটনার কথা আমরা শুনি নেই। আমার জানা মতে এ ধরণের ঘটনা ঘটেনি।
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাগেরহাটে মহান বিজয় দিবস উদযাপন
নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাগেরহাটে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। প্রথমেই বাগেরহাটের জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুলিশ সুপারসহ সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সুধীজন ও মুক্তিযোদ্ধারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। দেশ আজ উন্নয়নের মহাসড়কে রয়েছে। শিক্ষা, গ্রাম গঞ্জের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে বঙ্গবন্ধু যে শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন দেখতেন তা বাস্তবায়ন হবে।
এছাড়াও বিজয় দিবসে হাসপাতাল, শিশু সদন ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটের সব সরকারি, আধা সরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে আলোকসজ্জ্বা করা হয়েছে।
শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে শপথ পড়তে উপচে পড়া ভীড়
মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মতো বাগেরহাটবাসীকেও শপথ বাক্য পাঠ করিয়েছেন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সম্মৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর পাঠ করানো এই শপথ পড়ে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিকেল তিনটা থেকে উপচে পড়া ভীড় ছিল। বিভিন্ন শ্রেণি পেশার দশ হাজারের বেশি মানুষ এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে দাবি আয়োজকদের। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম ছাড়া ৮টি উপজেলা সদর, ৭৫টি ইউনিয়নসহ সুন্দরবনের দুবলার চর শুঁটকি পল্লীর জেলেরাও প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ গ্রহন করেন।
বাগেরহাটের ৮৫টি স্থান থেকে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী চাকুরীজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী-শিক্ষার্থী, সাংস্কৃতিকর্মীসহ সকল পেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে অংশ নেন। এসময়ে বিজয়ের পতাকার রঙ্গে রঙিন হয়ে উঠে শপথ অনুষ্ঠানস্থল। এ শপথ গ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহের আমেজ বিরাজ করে।











































