খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৬ ডিসেম্বর ২০২১খ্রি. তারিখ যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণপর্ব শেষ হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বরে পৌঁছান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরই বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ ও কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সাথে খুবিতে একযোগে শপথবাক্য পাঠ
মহান বিজয় দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বিকেল সাড়ে ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে একযোগে শপথবাক্য পাঠ। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলার পাদদেশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উপস্থিত সকলে সম্প্রচারিত জাতীয় সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নিজেরাও কন্ঠ মেলান। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের পর শপথবাক্য পাঠ করেন। এসময় একই সাথে একযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠানটি ছিলো খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ।
মহান বিজয় দিবস উপলক্ষে খুবিতে চিত্রাঙ্কন
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বিকেল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের প্রাক্কালে তিনি বলেন এ প্রতিযোগিতায় যে ছবিটি প্রথম পুরস্কার অর্জন করবে সে ছবিটি খুলনা বিশ্ববিদ্যালয়ের গল্লামারী বধ্যভূমি স্মৃতি যাদুঘরে সংরক্ষণ করা হবে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের ধন্যবাদ জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রভাষক শাপলা সিংহ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের মোঃ সাইফুল্লাহ আবির, দ্বিতীয় স্থান অধিকার করেন একই ডিসিপ্লিনের সুভাশিষ বৈরাগী, তৃতীয় স্থান অধিকার করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সিমরান সাইফ রোজা। প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শেখ মোঃ সুমন, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের চিত্রম সেন অনিক ও ভাস্কর্য ডিসিপ্লিনের অহিদ বাধন। এছাড়া সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
খুবির ক্যাম্পাসে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি যাদুঘর’ স্থাপন করা হবে
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গল্লামারী এবং তৎকালীন খুলনা রেডিও স্টেশনটির একতলা ভবন ছিলো হানাদার বাহিনীর ক্যাম্প। এই ভবনের পূর্ব পাশেই ছিলো সেমিপাকা একটি টিনশেড ঘর। এটা ছিলো হানাদার ও তাদের দোসরদের টর্চার সেল। অসংখ্য মুক্তিকামী মানুষকে এখানে ধরে এনে গুলি করে, বেয়োনেট দিয়ে খুচিয়ে, জবাই করে নির্মমভাবে হত্যা করা হতো। বর্তমানে স্থানটি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহিদ সৈয়দ নজরুল ইসলাম পুরাতন প্রশাসন ভবন সংলগ্ন। সেই টিনশেডটি এখনও স্মৃতি বহন করছে। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি তাঁর বক্তব্যের মধ্যে ঘোষণা করেন যে, খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘গল্লামারী বধ্যভূমি স্মৃতি যাদুঘর’ স্থাপন করা হবে। শীঘ্রই এই যাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু হবে। তিনি তাঁর বক্তৃতায় এর প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন এবং এ ব্যাপারে সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি সেমিনারের আলোচককে ধন্যবাদ জানিয়ে এ ব্যাপারে সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে অনলাইনে আলোচক ছিলেন সেন্টার ফর দ্য জেনোসাইড এন্ড জাস্টিজ ট্রাস্ট ও মুক্তিযুদ্ধ যাদুঘরের পরিচালক মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।











































