কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সেলিম হোসেনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কবর থেকে তার লাশ তোলা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে নিজ গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের তত্ত্বাবধানে তার লাশ তোলার কাজ শুরু হয়।
এদিকে লাশ তোলার সময় খুলনার খানজাহান আলী থানার ওসির কাছে ড. সেলিমের বাবা ছেলের খুনিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এ ঘটনায় সকাল ৮টায় লাশ তোলার কথা থাকলেও কার্যক্রম শুরু হয় ৯টা থেকে এ সময় ঘটনাস্থলে খুলনা মহানগর পুলিশের খানজাহান আলী থানার ওসি প্রবির কুমার বিশ্বাস, ওসি (তদন্ত) এবং এই মৃত্যুর তদন্ত কর্মকর্তা শাহরিয়ার হাসান, কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ফারহান লাবিব, ড. সেলিম হোসেনের বাবা মো. শুকুর আলিসহ সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
লাশ কবর থেকে তোলার সঙ্গে সঙ্গে সেলিমের বাবা ও দুই বোন কান্নায় ভেঙে পড়েন।
ড. সেলিমের বাবা শুকুর আলী বলেন, তিনি আর্থিক অনটনের কারণে ছেলের মৃত্যুর ১৪ দিন পেরিয়ে গেলেও খুলনা গিয়ে মামলা করতে পারেননি। যে কারণে তিনি খুলনার খানজাহান আলী থানার ওসির হাতে তার ছেলের খুনিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন।
তিনি তার ছেলের মৃত্যুর জন্য দোষীদের বিচারের জন্য পিবিআই তদন্ত দাবি করেন।
এ সময় ড. সেলিমের বোন শিউলী বলেন, তার ভাইকে যেদিন ছাত্রলীগের ছেলেরা ডেকে রুমে নিয়ে যায়; তার যাওয়ার দৃশ্য সিসি ফুটেজে থাকলেও বের হওয়ার দৃশ্য নেই। ওই দিন ছাত্রলীগের ছেলেরা তার ভাইকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। কারণ তার ভাইয়ের মুখে ও বুকে আঘাতের চিহ্ন ছিল।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, কবর থেকে অধ্যাপক ড. সেলিম হোসেনের লাশ তোলার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুনরায় ওই কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি আরও বলেন, লাশ উত্তোলনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা নিয়োজিত আছি।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সেলিম হোসেনের মৃত্যু হয়। ১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়ায় তার মরদেহ গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রামে দাফন করা হয়। তার এই মৃত্যু ও সুষ্ঠু তদন্তের দাবি জানান কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ ছাড়া কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক হিসেবে উল্লেখ করা হয়। তাতে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর পুলিশের খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য খুলনা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহ তুলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়।
এ ঘটনা হত্যাকাণ্ড বলে অভিযোগ করে সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন সেলিমের স্বজন এবং এলাকাবাসী।











































