বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি।।
বটিয়াঘাটার দক্ষিণ হাটবাটি এলাকায় চাঞ্চল্যকর তিলত্তমা মন্ডল ওরফে পুতুল (৪০) হত্যার ঘটনায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহতের বড় ভাই রাজেন্দ্র নাথ মন্ডল।সে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বৃত্তিশলূয়া গ্রামের মৃত মহেন্দ্র মন্ডলের পুত্র । মামলার বিবরণে প্রকাশ,উপজেলার বটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি গ্রামের মৃত কাশীনাথ মিস্ত্রির পুত্র প্রকাশ মিস্ত্রী (৪৮) বাদী রাজেন্দ্র’র প্রতিবেশী ভগ্নিপতি হওয়ার সুবাদে নিহত বোন পুতুল প্রায়ই ভগ্নিপতির বাড়ীতে বেড়াতে আসতো। গত ১২ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টার দিকে প্রতিবেশী বোন প্রকাশের স্ত্রী দিপিকা পুতুলকে বেড়ানোর কথা বলে তাদের বাড়ীতে নিয়ে আসে।রাত ১০ টার দিকে প্রকাশ ও তার স্ত্রী দিপিকা রাতের খাওয়া দাওয়া সেরে বসত ঘরের বারান্দায় এবং বোন পুতুলকে ঘরের ভিতর একা ঘুমিয়ে পড়ে। রাত পৌঁনে ৪ টার দিকে প্রকাশ ও দিপিকা ঘরের দরজা ধাক্কানোর শব্দ পেয়ে কে কে বলে চিৎকার দিলে ঘরের মধ্যে থাকা নিহত পুতুলের ঘুম ভেঙ্গে যায়। তারা কোন কিছু বুঝে ওঠার আগেই আসামীরা প্রকাশ ও দিপিকার উপর চড়াও হয়ে দা দিয়ে কোপাতে থাকে।তাদের উভয়ের চিৎকারে বোন পুতুল ঘর থেকে বেরিয়ে এসে তাদের ঠেকাইতে গেলে আসামীরা তাকেও কুপিয়ে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে বাদী রাজেন্দ্র লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে গতকাল সোমবার থানায় ৬ জনের নামাউল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম দিয়ে ৩ নং মামলা দায়ের করেছে। আসামিরা হলেন, হাটবাটি গ্রামের বিকাশ মিস্ত্রীর পুত্র বিপ্লব মিস্ত্রী (৩৮), মৃত কাশিনাথ মিস্ত্রীর পুত্র বিকাশ মিস্ত্রী (৬৭) ও নারায়ন মিস্ত্রী (৭০), দেবদাস মন্ডলের পুত্র দেবব্রত মন্ডল ওরফে হরি ঠাকুর (৩৫),মৃত শান্তিরাম মন্ডলের পুত্র দেবদাস মন্ডল ( ৬০) ও চক্রাখালী গ্রামের মৃত হরিপদ রায়ের পুত্র সুভাষ চন্দ্র রায় । এজাহার নামীয় ৬ জন আসামীর মধ্যে ৪ ও ৬ নং আসামী সরকারী চাকুরীজীবি। পুলিশ ও র্যাব এজাহার নামীয় সকল আসামীদের বাড়ী থেকে গ্রেফতার করলেও হত্যা মামলাকে কেন্দ্র করে এলাকায় পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের কৌতূহল এটা আদৌ দূর্বৃত্তদের প্রকৃত হামলা নাকি প্রতিপক্ষকে ঘায়েল করার ষড়যন্ত্র। এ ব্যাপারে থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল এ প্রতিবেদককে জানান,সব দিক খেয়াল রেখেই অধিকতর তদন্তের পাশাপাশি গভীর পর্যবেক্ষণে রেখেছি। খুব শীঘ্রই ক্লু উদঘাটন হবে।











































