ঢাকা অফিস।।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ৮১৩ কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ১৪৭ কন্যাশিশু অপহরণ ও পাচারের শিকার হয়েছে। বাল্যবিয়ে বেড়েছে ১০ শতাংশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনলাইন গোলটেবিল আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করে সংগঠনটি।
‘টেকসই উন্নয়নে কন্যাশিশুর নিরাপত্তা ও জেন্ডার সমতা’ শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
এসময় তিনি বলেন, কন্যাশিশুকে সমান সুযোগ দিলে সে- ও সফল হতে পারে। কন্যাশিশুরা আজ সব জায়গায় ঝুঁকির মধ্যে রয়েছে। করোনাকালে কন্যাশিশুর প্রতি সহিংসতা আরও বেড়েছে। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করেও ধর্ষণ কমানো যায়নি।
নাছিমা বেগম বলেন, আগামীর কন্যাশিশুকে সুসংহতভাবে বেড়ে উঠতে দেওয়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সোমা দে। তিনি বলেন, টেকসই উন্নয়নের মানে হচ্ছে সবার জন্য উন্নয়ন। টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সদস্যদেশগুলোর জন্য ১৭টি অভীষ্ট ও ১৬৯টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশগুলোকে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে। যাতে সব পর্যায়ে নারীর বিরুদ্ধে বৈষম্য বিলোপ হয় এবং সর্বস্তরে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিশ্চিত হয়। এই লক্ষ্যগুলো পূরণ করতে পারলে বাংলাদেশে সক্রিয় ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে উঠবে। তারা ন্যায্যতার ভিত্তিতে সমতার এক সমাজ গড়ে তুলবে।
তিনি বলেন, সমাজে নারীর প্রতি চরম বিদ্বেষ রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্য দিয়ে সেসব বিদ্বেষ এখন কমিউনিটি পর্যায়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বদিউল আলম মজুমদার। তিনি বাল্যবিবাহ রোধে সবাইকে সর্বশক্তি প্রয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, বাল্যবিবাহের মাধ্যমে কন্যাশিশুর অধিকার হরণ করা হচ্ছে। করোনাকালে ১০ শতাংশ বাল্যবিবাহ বেড়েছে। এদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির জেন্ডারবিষয়ক বিশেষজ্ঞ বিথিকা হাসান, এটিএন বাংলার জ্যেষ্ঠ ভিডিও এডিটর বানু, নাগরিক উদ্যোগের নাদিরা পারভীন প্রমুখ।











































