খুলনাঞ্চল রিপোর্ট।।
মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে দাফনের ১৪ দিন পর কবর থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ উত্তোলনের কথা থাকলেও সূর্য অস্ত যাওয়ায় তা পেছানো হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম কবরস্থান থেকে ওই শিক্ষকের মরদেহ উত্তোলনের কথা ছিল। তা পিছিয়ে বুধবার )১৫ ডিসেম্বর) সকালে লাশ উত্তোলনের কথা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
ড. মো. সেলিম হোসেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ছিলেন।
মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশগ্রাম কবরস্থান এলাকায় সরেজমিন থেকে দেখা যায়, লাশ উত্তোলনের খবরে কবরস্থানে ভিড় জমিয়েছে নিহতের স্বজন, এলাকাবাসী। সেখানে আসে পুলিশ ও একজন মেডিকেল অফিসার। পরে বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে পুলিশ ও ডাক্তার ঘোষণা দেন আজ (মঙ্গলবার) লাশ তোলা হবে না। আগামীকাল বুধবার সকাল ৮ টায় লাশ তোলা হবে।
এ বিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারহান লাবিব বলেন, ‘সূর্যাস্ত যাওয়ার কারণে লাশ উত্তোলন পেছানো হল। তাছাড়া লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত শেষে আবার দাফনের ব্যাপার থাকে। তাই (বুধবার) সকাল আটটায় লাশ তোলা হবে।
গত ৬ ডিসেম্বর খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিচুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ উত্তোলন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়।
গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। ১ ডিসেম্বর ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম কবরস্থানে দাফন করা হয়।











































