Home জাতীয় ওমিক্রন ঠেকাতে টিকা ও কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ

ওমিক্রন ঠেকাতে টিকা ও কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ

4

ঢাকা অফিস।।

খুব দ্রুতই বিশ্বের দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। খুব স্বল্প সময়ের মধ্যে ৫৪টি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রনকে নিশ্চিত ভাবেই ডেলটার চেয়ে অনেক বেশি মাত্রায় সংক্রামক বলছেন গবেষকরা।

আগের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ফাঁকি দিতে পারছে এই ধরনটি। তাই বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে বিশ্ববাসী। তাই বাংলাদেশেও টিকা কার্যক্রম চালিয়ে নেবার পাশাপাশি স্বাস্থ্যবিধির নানা পদক্ষেপ চলমান রাখতে বলছেন বিশেষজ্ঞরা।

টানা দুই বছর ধরে করোনার ধাক্কায় টালমাটাল বিশ্ব যখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তখন চলতি বছরের প্রথমার্ধে ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তদের ৯০ ভাগই ডেলটা ধরনে আক্রান্ত হয়েছিলো বলে ধারণা করছেন গবেষকরা। সে কারণেই নতুন ধরন ওমিক্রণ নিয়ে এতো শঙ্কা। শঙ্কা দ্রুত ছড়িয়ে পড়ার।

নভেম্বর শেষে শনাক্ত হওয়া ওমিক্রন এখন বিশ্বের অন্তত ৫৪টি দেশে পৌঁছে গেছে। বৃটেনের তথ্য বলছে প্রতি তিনদিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। যা ডেলটার চেয়েও দ্রুত।

এখন পর্যন্ত ওমিক্রনের উপসর্গ সাধারণ সর্দি-জ্বরের মতই। তব ওমিক্রন যত বেশিবার মানুষের মধ্যে নিজের বংশবৃদ্ধি করতে পারবে এটি ততো বেশি মিউটেশনের সুযোগ পাবে। তাই এই ধরনটিও যে মৃত্যু ঝুঁকি বাড়াবে না, সেকথা এখনই বলা যাচ্ছে না।

কখনও কখনও দুই ডোজ টিকা দেওয়া মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও ফাঁকি দিতে পারছে ওমিক্রন। তবে ফাইজার বায়োএনটেক বলছে যারা বুস্টার বা তৃতীয় ডোজ টিকা নিয়েছেন তারা অনেকটাই করোনার এই নতুন ধরণের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পারবেন।