সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
পিছিয়ে পড়া সমাজে অনেকে জীবন সংগ্রামে সফল হয়েছেন। অনেকে দেখেছেন সংসার ব্যক্তি জীবনের নির্যাতনের বিভীষিকা। কিন্ত তারা নিজে কখনও দুমড়ে মুচড়ে যাননি। বরং নিজে ঘুরে দাঁড়িয়ে সংগ্রাম করেছেন। অনেক বন্ধুর পথকে আলিঙ্গনের মাধ্যমে ধৈর্য্যকে পুঁজি করে সামনে এগিয়ে গেছেন। আজ তারা হয়েছেন সফল। তাদেরকে এমন সফলতায় অন্যরাও উৎসাহিত হচ্ছেন। এভাবে ঝিনাইদহের কালীগঞ্জে সমাজ উন্নয়নে অবদান রাখা ও সংগ্রামী জীবনের জন্য এ উপজেলার ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে উপজেলা সম্মেলন কক্ষে সন্মাননা প্রদান করা হয়। এ সময় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক কার্ষালয়ের আয়োজনে পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কালীগঞ্জ উপজেলাতে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করায় উপজেলার চাচড়া গ্রামের সুখজান বেগম, সফল জননী নারী হিসেবে পৌর এলাকার বলিদাপাড়া গ্রামের হাসিনা রহমান, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বলিদাপাড়া গ্রামের শিরিন সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় ষাটবাড়িয়া গ্রামের সুরভী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দুলালমুন্দিয়া গ্রামের রুমানা খাতুনকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, এনজিও কর্মী শিবুপদ বিশ^াস, ডাঃ জিল্লুর রহমান ও জয়িতা নারীর সন্তান বসির আহম্মেদ সোহেল প্রমুখ। এ অনুষ্টানে উপস্থিত জয়িতারা তাদের জীবনের সফলতার চিত্র তুলে ধরেন।










































