মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
বিজয় দিবসের চেতনাকে ধারণ করে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাস্ত করতে হবে এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস (এমপি) বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু একে অন্যের সমার্থক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করা হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে এদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি আবারও দেশ-বিদেশে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে রাজপথে মোকাবেলা করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতেই আজ নারী জাগারণ সৃষ্টি হয়েছে। তিনি বৃহস্পতিবার দুপুর ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সহযোগীতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ পালন উপলক্ষে জয়িতা সন্মননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সম্মানিত অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। ফলে আজ নারীরাই দেশের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙ্গালির যা কিছু অর্জন তা আওয়ামীলীগের নেতেৃত্বেই হয়েছে। বিএনপির এখনও সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে দেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ষড়যন্ত্র ও চক্রান্তই তাদের রাজনীতির হাতিয়ার। ২০০১ সালে ক্ষমতায় এসে তারা প্রতিহিংসার আগুনে ভষ্মীভুত করেছিলো ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশকে। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই পবিত্র ভূমিকে হত্যা ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অত্যাচার-নির্যাতন, সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিনত করা হয়েছিলো। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ, সুদেব রায়, গাজী জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী ননী গোপল দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভু্ইঁয়া, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়সহ বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক ও নারী প্রতিনিধি বৃন্দ। সভায় উপজেলা পর্যায়ে সমাজে বিশেষ অবদান রাখায় সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকারসহ ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা ক্রেস্ট প্রদান করা হয়।










































