অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে পুরো বাংলাদেশ এগিয়ে চলছে। অন্যদিকে, কিছু হত্যাকারী, সন্ত্রাসী ও দূর্বৃত্ত রয়েছে যারা রাজনীতি না করে অপরাজনীতি করে, ইতিহাস বিকৃতি করে। যারা এখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের মনের মধ্যে রয়েছে পাকিস্তান।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সুইমিংপুল ও জিমনেসিয়ামে আয়োজিত আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অপশক্তির সকল অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে। রুখে দেয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সাহস আমাদের মাধ্যে সঞ্চারিত হবে। বাংলাদেশের আজকের যে অর্জন তা বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে। লাল সবুজের মর্যাদা আজ বিশ্বব্যাপী।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, সিকদার নূর মোহাম্মাদ দুলু, মো: ফিরোজ খান বক্তব্য রাখেন। এ সমাবেশে জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











































