Home জাতীয় খালেদা জিয়ার চিকিৎসা তিন দেশে সম্ভব: চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসা তিন দেশে সম্ভব: চিকিৎসক

10

ঢাকা অফিস।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উচ্চ ঝুঁকিতে। তার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানির বিশেষায়িত হাসপাতালে এ রোগের চিকিৎসা সম্ভব।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ফিরোজায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে। এর কারণে ৩ বার রক্তক্ষরণ হয়েছে। এ পর্যন্ত সামাল দেওয়া গেছে। বর্তমানে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন, যেখানে ফের রক্তক্ষরণ হলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে।

তারা বলেন, শুধু বাংলাদেশে না, পুরো উপমহাদেশের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এর আগেও বলেছি, ম্যাডাম (খালেদা জিয়া) যতবারই অসুস্থ হয়েছেন, ততবারই মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যান।

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে যে অবস্থয় আছে, সচরাচর এমন রোগী পাওয়া যায় না বলেও জানিয়েছেন চিকিৎসক। বলেন, এ রোগের চিকিৎসা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানিতেও পর্যাপ্ত নেই। কিছু বিশেষায়িত কেন্দ্রে এর চিকিৎসা হয়। সাধারণত সারা বিশ্ব থেকে রোগীদের সেখানে নেওয়া হয়।

চিকিসৎকরা আরও বলেন, ৪ মাস আগে যদি খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যেত, তবে তিনি এতটা জীবন ঝুঁকির মধ্যে পড়তেন না। এ ব্যাপারটাকে ভয় পেয়েই বার বার আমরা বলেছিলাম, তার চিকিৎসায় কয়েকটা প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেটা বাংলাদেশ কেন আশেপাশের কোনো দেশেও নেই।   

এদিকে, গতকাল শনিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২ হাজার ৬৮৪ চিকিৎসক।

বিবৃতিতে তারা বলেন, পছন্দমতো চিকিৎসা নেওয়ার অধিকার থেকে খালেদা জিয়া ক্রমাগতভাবে বঞ্চিত। বিএনপি নেত্রী কারাগারে যাওয়ার পর থেকেই চিকিৎসাবঞ্চিত হওয়ার ফলশ্রুতিতে আজ এ ভয়াবহ শারীরিক জটিলতার মধ্যে পড়েছে।

শারীরিক নানা জটিলতায় আক্রান্ত হয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে নিতে চায় পরিবার। কিন্তু আইনের ভুল ব্যাখ্যা দিয়ে সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।