Home বিনোদন নতুন গানে আনিসা

নতুন গানে আনিসা

19

বিনোদন ডেস্ক।।

গানে গানে বেশ ব্যস্ত সময় পার করছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ দিয়ে পরিচিত পাওয়া তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। এরইমধ্যে প্রকাশিত হওয়া তার তিনটি মৌলিক গানেই পেয়েছেন দারুন সাড়া। নতুন বছরকে সামনে রেখে এরইমধ্যে নতুন গান তৈরি করে ফেলেছেন মিষ্টি কন্ঠের এই গায়িকা। গানের শিরোনাম ‘ডুবে আছি তোমাতে’। গানটি লিখেছেন জসিম উদ্দিন, সুর ও সংগীতায়োজন করেছেন তন্ময় মাহবুবুল। আনিসার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রাহুল। সম্প্রতি ঢাকার অদূরে শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গান ভিডিওতে আবারও মডেল হিসেবে দেখা যাবে আনিসাকে, সেই সাথে থাকবেন মডেল ফজলে রাব্বি। আনিসা বলেন, ‘অনেক দিন হলো নতুন গান প্রকাশ করা হচ্ছে না। বেশ কিছু গান প্রস্তত করে রেখেছি। এরমধ্যে একদমই নতুন একটা গানের কাজ শেষ করলাম। শ্রীমঙ্গলে ভিডিওর শুটিং করেছি, এক অন্যরকম অভিজ্ঞতা। খুবই চমৎকার। ‘ডুবে আছি তোমাতে’ আমার চতুর্থ গান আর সৈকত ভাইয়ার সঙ্গে তৃতীয় কাজ। গানটির গীতিকার ও এসএমভি চ্যানেলের কর্ণধার জসিম ভাইয়ার প্রতি মাই কৃতজ্ঞ, এত সুন্দর একটি গান লেখার জন্য এবং পৃষ্ঠপোষকতার জন্য।’

তিনি আরও বলেন, ‘ আমি গানের মানুষ, গান গাইতেই বেশি ভালোবাসি। প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়াতে অনেক লজ্জা পেতাম। কিন্তু কিছুটা অভ্যস্ত হয়েছি। নিজের গানে স্ক্রিণে দাঁড়াতে এখন ভালোই লাগে, আমি বেশ উপভোগ করি।’ গানটি আসছে নতুন বছরে শ্রোতাদর্শকের জন্য আনিসার উপহার। নতুন বছরের শুরুতে গান ভিডিওটি এসএমভি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। এছাড়াও বেশ কিছু নতুন গান প্রস্তুত করছেন আনিসা। এরমধ্যে রবিউল ইসলাম জীবনের লেখা ও তন্ময় মাহবুবুলের সুর-সঙ্গীতে নতুন একটি একক গানের কাজ শেষ করেছেন। শাহরিয়ার মার্সেলের সংগীতে আরও দুটি একক গান করেছেন, এবং রেজওয়ান শেখের সংগীতে আরও একটি একক। এছাড়াও সম্প্রতি নতুন একটি প্লে-ব্যাকও করেছেন আনিসা। সবগুলো গানই খুব শিগগিরই প্রকাশ্যে আসবে। প্রসঙ্গত, ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মেঘেরই খামে’ গানে প্রশংসিত হয়েছে আনিসা। তাহসান ও শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমার ‘চুপকথা’ গানে ইমরানের সঙ্গে প্লে-ব্যাক করেন। এছাড়াও শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার ‘ভালোবাসার ফুল’ গানেও ইমরানের সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন তিনি।