কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রী ফাতেমা খাতুন হত্যার ময়নাতদন্তে গণধর্ষণের প্রমাণ পেয়েছেন চিকিৎসক। গণধর্ষণের পর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয় তাকে। স্থানে স্থানে দেওয়া হয় সিগারেটের ছ্যাঁকা, পরে ফুটন্ত তরল দিয়ে ঝলসে দেওয়া হয় শরীরের একটি অংশ। ময়নাতদন্ত প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ফাতেমার বাবা।
তিনি বলেন, শুরু থেকেই আমরা বলে আসছিলাম এমন নৃশংসতা একজনই করতে পারে না, কিন্তু পুলিশ আমাদের কথায় কান দেয়নি। বরং বিষয়টি ভিন্ন খাতে নিতে কেবল একজনকে গ্রেফতার করেই তড়িঘড়ি করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করেছে। জড়িত অন্যদের আড়াল করার/বাঁচানোর চেষ্টা করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও খুলনা রেঞ্জের ডিআইজির কাছেও লিখিতভাবে জানানো হয়েছে। অদৃশ্য কারণে হত্যার মূল ঘটনাকে পুলিশ আড়াল করছে জানিয়ে তিনি মামলাটি পিবিআই বা সিআইডির মাধ্যমে তদন্তের দাবি জানান।
মামলার বাদী জানান, তার মেয়ে মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ মাঠে ফেলে রাখা হয়। এ নিয়ে একাধিক আসামির নাম উল্লেখ করে থানায় মামলা দিতে গেলে তা নেওয়া হয়নি। বরং পুলিশের লেখা অজ্ঞাত আসামি হিসাবে এজাহারে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। সেসময় প্রতিবাদ করলে পুলিশ ধমক দিয়েছিল। আমার আর্তনাদ ও হাহাকারে গুরুত্ব দেয়নি। এজাহারে ধর্ষণের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। শুধু অপহণের পর হত্যা ও লাশ গুম করার অভিযোগ আনা হয়। আমরা সন্দেহভাজন কয়েকজনের নাম বললেও পুলিশ তাদের একদিনের জন্যও জিজ্ঞাসাবাদ করেনি। বরং পুলিশ নানাভাবে আমাকে চাপ দিয়ে আসছে, যাতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করি। এমনকি ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর সেটি কাউকে জানাতেও নিষেধ করেন থানার তদন্ত কর্মকর্তা।
ফাতেমার বাবা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার আগে গণধর্ষণ করা হয়েছে। গলায় রশি দিয়ে প্যাঁচানোর কারণে গলার মাঝ বরাবর গোলাকার দাগ রয়েছে। বাম চোখের নিচেও আঘাতের কারণে রক্ত জমাট বাঁধা ছিল। পেটে দুটি, গলায় পাঁচটি ও পেছনদিকে কোমরের ওপর মেরুদ- বরাবর তিনটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতের কারণে তার শ্বাসনালি ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়। ঘাড়ের পেছনদিকে ছয়টি ও ডান পায়ের পাতার ওপর ছয়টিসহ ১২টি স্থানে আগুন দিয়ে পোড়ানোর ক্ষতও রয়েছে, যা দেখে বোঝা যায় জ্বলন্ত সিগারেট দিয়ে পোড়ানো। এছাড়াও শরীরের পেছন দিকে ঘাড়ের নিচ থেকে দুই পা পর্যন্ত ফুটন্ত তরল পদার্থ ঢেলে পোড়ানো হয়েছে। এটি তার শরীরের ৩৫ শতাংশ পর্যন্ত বিস্তৃত।
ময়নাতদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৩ জুলাই আনুমানিক ভোর ৪টার সময় এই হত্যাকা- সংঘটিত হয়। এদিকে হাসপাতালের রেকর্ড থেকে জানা যায়, পরদিন সকালে লাশ উদ্ধার হলেও ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত রাতে করা হয় না। পরের দিন ১৫ জুলাই সকাল ১০টায় হত্যাকা- সংঘটিত হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর লাশ ময়নাতদন্ত হয়। প্রতিবেদনে বলা হয়, ফাতেমার মৃত্যু মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হয়েছে। ৯ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক সুতপা রায় ও রুমন রহমান।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ফাতেমার বাবার অভিযোগ সঠিক নয়। তিনি মিথ্যা বলেছেন। আর চিকিৎসক ময়নাতদন্ত প্রতিবেদন যেটা দিয়েছেন, সেটা তাদের বিষয়। আমরা ফাতেমার ফরেনসিক প্রতিবেদন করতে ঢাকায় নমুনা পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বোঝা যাবে এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না।’ তিনি আরও বলেন, ‘এই মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’











































