দাকোপ (খুলনা) প্রতিনিধি।।
সুন্দরবন থেকে ১০জন চোরা হরিণ শিকারীকে আটক করছে বনপ্রহরিরা। এসময়ে ১৬০ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের শিং, ৩০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ১টি তক্ষক, ৪টি ডিঙ্গি নৌকা ও পূর্ব বনবিভাগের চাঁদপাই স্টেশন থেকে ইস্যুকৃত মাছ ও কাঁকড়া ধরার ৪টি মেয়াদ উত্তীর্ণ পাশ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলা দায়েরের পর তাদেরকে রবিবার বিকাল ৪টায় কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টায় সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জধিন কালাবগি স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম ও ভদ্রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল পাশার নেতৃত্বে রাসপূজার একটি বিশেষ টহল দল ভদ্রা টহল ফাঁড়ির আওতাধিন সুন্দরবনের ১৬ নম্বর কম্পার্টমেন্টের পশুর নদীর পশ্চিম পাড় থেকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রামপাল উপজেলার বৃচাকশ্রী এলাকার শেখ নিজাম, শেখ দিদার, রাসেল ফকির, আঃ সোবাহান শেখ, আফ্রিদি, শেখ গোলাম মাওলা, ভোজপতিয়ার জিয়া শেখ, বড় কাটালীর শামিম খান, বাঁশতলির রাজ ও আঃ নাঈম। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভদ্রা টহল ফাঁড়িতে বন্যপ্রাণী আইনে পিওআর মামলা দায়ের করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেহ বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি মোতাবেক পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চোরাপুটিয়া টহল ফাঁড়িধিন ৯ নম্বর কম্পার্টমেন্টের কানার মাথার উত্তর পাড়ের কেওড়া বাগানে সরেজমিন তদন্ত করে হরিণ শিকার ও জবাই করার আলামত পাওয়া গেছে। মামলা দায়েরের পর তাদেরকে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।











































