খুলনাঞ্চল রিপোর্ট।।
ধরে নিয়ে যাওয়ার ১৪ ঘণ্টার মাথায় চারটি ট্রলারসহ বাংলাদেশি ২২ মাঝি ও জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। শনিবার (২০ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে কোস্টগার্ডের সহায়তায় তারা সেন্টমার্টিন জেটি ঘাটে ফিরে আসে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে গেলে দুই দফায় চারটি ট্রলারসহ ২২ মাঝি ও জেলেকে ধরে নিয়ে যান মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। পরে যোগাযোগের ভিত্তিতে নিয়ে যাওয়া জেলেদের ফেরত দেন তারা।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ধরে নিয়ে যাওয়া ট্রলারসহ মাঝি ও জেলেদের ফেরত দিয়েছে মিয়ানমার। জেলেরা সবাই সুস্থ আছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ আমাকে জানিয়েছেন শনিবার রাত ১২টার দিকে সাগরে দায়িত্বরত কোস্টগার্ডের সদস্যরা চারটি ট্রলারসহ জেলেদের নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছান।











































