খুলনাঞ্চল ডেস্ক।।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। আর সেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে কাজ করা এক ব্যক্তির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির সরকার। ইসরায়েল জানিয়েছে, শত্রুদেশ ইরানের হয়ে কাজ করা একজনের পক্ষে কাজ করেছেন ওই কর্মী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
শিন বেত-এর দাবি, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ-এর বাড়িতে কাজ করতেন ওই ব্যক্তি। তিনি মূলত তার বাড়ি পরিষ্কারের কাজ করতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ‘ইরানের সঙ্গে পরিচিত এক ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে থাকার প্রমাণ হিসেবে তিনি ওই ব্যক্তির কাছে ছবি পাঠিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করারও প্রস্তাব দিয়েছেন তিনি। গুপ্তচরবৃত্তির জন্য তিনি তাদের কাছে মাত্র সাত হাজার ডলার চেয়েছিলেন।
ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের গোড়ার দিকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।
ইসরায়েলের পাবলিক ডিফেন্ডারস অফিস জানিয়েছে, ওই ব্যক্তি অর্থের জন্যই এমন কাজ করেছে। জাতীয় নিরাপত্তার ক্ষতি সাধনের কোনও ইচ্ছা তার ছিল না।
ইসরায়েলি মিডিয়া বলছে, ওমরি গোরেন নামের ওই ব্যক্তি ইতোপূর্বে ব্যাংক ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং একাধিক দফায় কারাদ- ভোগ করেছেন।











































