স্টাফ রিপোর্টার||
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহীদুল ইসলামকে দল থেকে শোকজ করা হয়েছে।
নৌকার বিপক্ষে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ এবং ইউনিয়ন নির্বাচনের নৌকা প্রতীকের সমর্থন না করায় তাকে শোকজ করা হয়। শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি। জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান। একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা চেয়ারম্যানের আপন ভাই শেখ জাহাঙ্গীর আলম।
গত ১৮ নভেম্বর নৌকাবিরোধী একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এলাকায়। অডিও ক্লিপে উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘নৌকা পাইছো, নৌকার মাইরে …., সভাপতি মাইরেও …।’
এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সাংগঠনিক ব্যবস্থার (বহিষ্কার) জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি বলেন, অডিও রেকর্ডটি শুনেছি, তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে জবাব দেবেন তিনি। দোষী সাব্যস্ত হলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জানান, অডিও ক্লিপটি এডিটিং করা। আমাকে হেয়পতিপন্ন করার জন্য একটি পক্ষ এমন প্রচারণা করছেন।











































