Home জাতীয় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে উঠেছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে উঠেছে

15

ঢাকা অফিস।।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি কিছুটা শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক দিনের বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমে গেলেও আবার কিছুটা বেড়েছে। কিন্তু পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে ধীরে ধীরে শীতের বাতাস বইতে শুরু করবে। ইতোমধ্যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা অনেক কমে গেছে। বিশেষ করে রাতের বেলা থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা কম থাকছে। এরপর সূর্য উঠলে কিছুটা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫, ময়মনসিংহে ১৬ দশমিক ৬, চট্টগ্রামে ২৩ দশমিক ৪, সিলেটে ১৮ দশমিক ৬, রাজশাহীতে ১৫ দশমিক ৫, রংপুরে ১৮, খুলনায় ১৭ দশমিক ৫ এবং বরিশালে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকাসহ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।