স্টাফ রিপোর্টার ।।
রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের নিচে কাটা পড়ে সুব্রত মণ্ডল নামে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর পৌঁনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুব্রত কুয়েটের আর্টিটেকচার ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ফুলবাড়ি কুয়েট গেট সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ মণ্ডল বলেন, সুব্রত ক্যাম্পাসের বাইরে থাকতেন। কীভাবে মারা গেছেন জানি না। তবে প্রাথমিকভাবে শুনেছি ট্রেনে কাটা পড়েছেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু এখনই বলতে পারছি না। সুব্রতর পরিবার মামলা না করলেও কর্তৃপক্ষ অপমৃত্যুর মামলা করবে।
এ বিষয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, ওই ছাত্র কীভাবে কাটা পড়েছেন সেটা এখনও পরিষ্কার নয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।











































