বাবুল আক্তার ।।
পাইকগাছায় ১৭০ বছরেও দেশের প্রথম ও ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হয়নি জাতীয়করণ। ১৮৫০ সালে উপজেলা রাড়ুলীতে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের(পিসি রায়ের) পিতা তার স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ১৭০ বছর বয়সের বিদ্যালয়টি বয়সের ভারে নুয়ে পড়েছে। ১৮৪৯ সালে প্রথম নারী শিক্ষা বিদ্যালয় টি কলিকাতায় স্থাপন করেন বেথুন সাহেব। তার নিজ নামে এ বিদ্যালয়টি নাম রাখেন বেথুন বালিকা বিদ্যালয় ও কলেজ। ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন ১৮৮০সালে ৯ ডিসেম্বার। কিন্তু তার প্রায় ৩০ বছর আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিজ্ঞানী আচার্য (পিসি) রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় নারী শিক্ষাকে প্রসারিত করতে স্ত্রীর নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে স্কুলটি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক এ পাঠদান করানো হলেও পরবর্তীতে তা মাধ্যমিকে উত্তীর্ণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ২১২ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ১২ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন দক্ষতার সাথে। বিগত ৫ বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধ্যমিকে শতভাগ পাস করে আসছে। এবছর এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে ৩৪ জন ছাত্রী। উন্নয়ন বলতে নতুন ভবন তৈরী হয়েছে সম্প্রতি। স্কুলটির শিক্ষার্থীরা বলেন, আমরা নিজেদের কাছে গর্ববোধ করি এজন্য যে এটি দেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি। আবার নিজেদের কাছে খারাপ লাগে এজন্য যে দীর্ঘ বছর এই স্কুলটির জাতীয়করণ হয়নি।
স্কুলটির অভিভাবকরা জানান, এই স্কুলটির উন্নয়ন হোক, সেটা চাই আমরা। ১৮৫০ থেকে ২০২১ সাল প্রায় দুইশ’ বছর। ভাবতে অবাক লাগে যে স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন ও জাতীয়করণের আওতায় আনা হয়নি। এলাকার প্রবীনরা বলেন, আমার বাপ, দাদা ও প্রপিতামহদের আমলে তৈরী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি আজও অবহেলিত হিসেবে পড়ে আছে। স্কুলটি পিসিরায়ের পিতা তৈরী করেছেন বলে আমারা শুনে আসছি। পিসি রায় একজন প্রখ্যাত বিজ্ঞানী। তার পিতার তৈরী করা দেশের প্রথম নারী স্কুলটি সরকারী করণ না হওয়া দু:খের বিষয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যও স্মৃতি হিসেবে স্কুলটি জাতীয় করন করা হোক।
রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান ও আরকে বিকে হরিশ্চন্দ্র ইনিষ্টিটিশন কলেজিয়েটের সাবেক আধ্যক্ষ মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশের দ্বতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান এটি। কিন্তু এখনও জাতীয়করণ হয়নি। আমরা বিদ্যালয়টি জাতীয়করণে সরকারের সুদৃষ্টি কামনা করছি।











































