বেনাপোল (যশোর) প্রতিনিধি ।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিমের একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাইকেল র্যালি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেন তারা।
এ উপলক্ষ্যে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ১৯ সদস্যের সাইকেলিং দলকে ফুল দিয়ে বরণ করে নেন যশোর সেনানিবাসের ৫৫ পদাধিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালির আয়োজন করা হয়।
৫৫ পদাধিক ডিভিশনের মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল বাংলাদেশে প্রবেশ করে।
ভারতীয় সেনাবাহিনীর এ দলের নেতৃত্ব দেন কলকাতা সেনাবাহিনীর কর্নেল মোহিত সিংহ এবং বাংলাদেশের পক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহতাছিন হায়দার চৌধুরী।
সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে যান। দেশের বিভিন্ন জেলা শহর প্রদক্ষিণ করে ভারতীয় সেনাবাহিনীর দলটি আগামী ১৯ নভেম্বর সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে দেশে ফিরে যাবে।











































