আজ দৈনিক খুলনাঞ্চল’র সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের সব পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গত ৬টি বছরে অনেক দুঃখ-বেদনা, আনন্দ-সফলতার মধ্যে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
গোটা পৃথিবীর মানুষ একটা কঠিন বিশেষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভীতিকর করোনা অতিমারি এখনো চলছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৭০ লাখের বেশি। এ পর্যন্ত মারা গেছেন ১২ লাখ ৮ হাজারের বেশি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ি (১২ নভেম্বর) করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১২ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনে।

এই করোনাকালে আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের জন্য শোক প্রকাশ করছি। বিশেষ করে করোনার বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সবার প্রতি।
আজকের দিনে ৬ বছর আগের সেই প্রথম দিনটার কথা খুব মনে পড়ে। দৈনিক খুলনাঞ্চল ছাপা হচ্ছে, আমরা ছাপাখানায় দাঁড়িয়ে আছি। কী যে উত্তেজনা, উদ্বেগ আর আশা! আমরা বিশ্বাস করি, মানুষ পরাজিত হয় না।
মানুষ সুসময় আনবে, সুদিন আসবে। আলোকিত দিন আসবে, দৈনিক খুলনাঞ্চল সেই যাত্রায় আপনাদের পাশে থাকবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে। আমাদের কাজ সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের চাওয়া-পাওয়া এবং দাবিদাওয়া বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরা।

তার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র শক্তিশালী হয়। আমাদের অভিজ্ঞতা বলে, যাচাই-বাছাই করে সত্য প্রকাশ করা হলে মানুষের উপকার হয়, কর্তৃপক্ষ উদ্যোগী হয় এবং সরকার তৎপর হয়। আপনাদের সবার ভালো হোক। আপনারা সুস্থ থাকুন। নিরাপদে থাকুন।
–মিজানুর রহমান মিলটন: সম্পাদক, দৈনিক খুলনাঞ্চল।










































