মনিরামপুর প্রতিনিধি||
যশোরের মনিরামপুরে তমা বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্বজনরা। শুক্রবার (১২ নভেম্বর) সকালে মামা বাড়িতে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় তমা। সে রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
তমা খুলনার ডুমুরিয়া উপজেলার মঠবাড়িয়া গ্রামের সুভাষ বিশ্বাসের মেয়ে। ৫ বছর বয়স থেকে সে মনিরামপুরের হানুয়ার গ্রামে মামা উত্তম বিশ্বাসের বাড়ি থাকত। মনিরামপুর উপজেলার মশ্মিমনগরের হাজরাকাটি গ্রামের সোহেল নামে এক যুবকের সাথে তমার প্রেমের সম্পর্ক ছিল। তাঁর সাথে কথা বলতে বলতে তমা আত্মহত্যা করেছে এমনটি দাবি স্বজনদের। সোহেল যশোর শহরের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
তমার স্বজন বিকাশ বিশ্বাস বলেন, তমা আমার নাতনী। ৪-৫ দিন ধরে কার সাথে যেন তমা মোবাইলে বারবার কথা বলছে। মোবাইলে তাঁদের দু’জনের ঝগড়া হচ্ছে। কিন্তু তমা ছেলেটির বিষয়ে আমাদের কিছু জানায়নি। শুক্রবার সকালে ওই ছেলের সাথে তমার কথা হয়।
তিনি আরো বলেন, সকাল পৌনে আটটার দিকে আমার মোবাইলে একটা কল আসে। আমি ফোন ধরলে ওপাশ থেকে পুরুষ কণ্ঠে একজন জানান দ্রুত তমার ঘরে যান। দেখেন ও কি করছে। আমি লোকটার পরিচয় জানতে চাইলে তিনি নাম বলেননি। আমি দৌঁড়ে গিয়ে তমার ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সাথে ঝুলতে দেখি। নামিয়ে আনার পর তমাকে মৃত অবস্থায় পাই। তবে এ ব্যাপারে সোহেলের বক্তব্য জানা যায়নি।
মনিরামপুর থানার ওসি (সার্বিক) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































